সেই বাড়ির আশপাশে সকাল থেকে রাত...
সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের শিববাড়ি-পাঠানপাড়া মূল সড়কে পাশাপাশি দুটি বাড়ি। এর মধ্যে পাঁচতলা বাড়িটির নাম ‘আতিয়া মহল’। এর প্রতি তলায় ছয়টি করে ইউনিট। দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত রয়েছে ২৯টি পরিবার। আর নিচতলায় রয়েছে জঙ্গি আস্তানা। ফলে ওপরের তলাগুলোতে থাকা সব পরিবার আটকা পড়েছে।
পাঠানপাড়ার বাসিন্দা ছয়েফ খান বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশের মাধ্যমে জেনেছেন ওই বাড়িতে জঙ্গি আছে। এরপর থেকে আশপাশের দুই শতাধিক বাড়ির মানুষ উদ্বিগ্ন।
ওই বাড়ির দোতলার বাসিন্দা নজরুল ইসলামের সঙ্গে দুপুরে ও রাত পৌনে আটটায় কথা হয় মুঠোফোনে। তিনি বলেন, ভোররাত সাড়ে চারটার দিকে একদল পুলিশ বাড়ির মূল ফটক তালাবদ্ধ করে দেয়। ভোরে গোলাগুলির শব্দ শুনে তাঁরা মুঠোফোন থেকে বাইরে ফোন করে জানতে পারেন, নিচে জঙ্গি আছে। রাতে প্রথম আলোকে তিনি বলেন, তাঁরা ঘরের মধ্যে খিল এঁটে আছেন। ভেতরে এখন পর্যন্ত ভালো আছেন। কিন্তু ভয়ের মধ্যে আছেন। সারা দিন বিদ্যুৎ ছিল না। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিদ্যুৎ এসেছে।
তৃতীয় ও চতুর্থ তলায় পুলিশের দুজন সদস্যের পরিবার রয়েছে। এঁদের একজন জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুহিবুর রহমান বলেন, তাঁর পরিবার বাড়িটিতে আটকা পড়েছে। তিনি বলেন, ‘ভেবেছিলাম জিম্মি করে রাখা হয়েছে। ফোনে যোগাযোগ করে জানতে পারছি এ রকম কিছু নয়। তবে সবাই ভয়ের মধ্যে আছে।’
সকাল সাড়ে আটটার দিকে শিববাড়ির রাস্তার মুখে দাঁড়ানো দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক স্বপন দাশ বলেন, বাড়িটির ফটক তালাবদ্ধ করার সময় পুরো ভবনে কোনো সাড়াশব্দ ছিল না। সকাল পৌনে ছয়টার দিকে নিচতলার একটি জানালা খুলে বাইরে হাতবোমা ফেলায় তাঁরা সশস্ত্র জঙ্গিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন।
‘আতিয়া মহল’-এর বিপরীতে আছে একই মালিকের ‘আতিয়া-২’ নামের চারতলা একটি বাড়ি। এর বাসিন্দা ১৭টি পরিবারের ৭০ জন সদস্যকে সকাল সাড়ে আটটার দিকে বের করে এনে পাশের জহির-তাহির মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে রাখে পুলিশ। সন্ধ্যা ছয়টার দিকে তাঁদের আত্মীয়দের বাসায় গিয়ে রাত্রিযাপন করতে বলা হয়।
বেলা সাড়ে ১১টা থেকে ‘আতিয়া মহল’-এর পেছনে পুকুরপাড়ে বসে হাত মাইকে জঙ্গিদের নাম ধরে ডাকছিলেন জালালাবাদ থানার ওসি আখতার হোসেন। তিনি বলেন, বাড়িমালিকের ভাড়াটে তথ্যে মর্জিনা বেগম নামে একজন নিচতলা ভাড়া নিয়েছেন। ধারণা করা হচ্ছে, নারী জঙ্গিও আছে। তাই মর্জিনার নাম ধরে বেলা সাড়ে ১১টা থেকে আত্মসমর্পণের জন্য আহ্বান জানানো হচ্ছিল।
বেলা ১টা ১৬ মিনিটের সময় আত্মসমর্পণের আহ্বানে একজন সাড়া দেন। বলেন, ‘ফোর্স পাঠান।’ একটা ৪৮ মিনিটে নারীকণ্ঠে ‘নারায়ে তাকবির’ ধ্বনি শোনা যায়। শিববাড়ির মন্দিরের কাছ থেকে হাত মাইকে আত্মসমর্পণের আহ্বান জানানো উপপরিদর্শক শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘বেলা ২টা ১০ মিনিটে নিচতলার জানালা ফাঁক করে একজন পুলিশকে বলেন, সোয়াট পাঠান।’ এ সময় পুলিশকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘আপনারা শয়তানের পথে, আমরা আল্লাহর পথে।’
বিকেল চারটায় সোয়াট সদস্যরা বাড়িটির চারদিকে গেলে ওসি আখতার হোসেন আবার হাত মাইক দিয়ে আত্মসমর্পণের আহ্বান জানান। থেকে থেমে বিকেল পাঁচটা পর্যন্ত অন্তত সাতবার এই আহ্বান জানানো হয়। কিন্তু কোনোবারই সাড়া মেলেনি।
রাত আটটার দিকে মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া শিববাড়ি মোড়ের রাস্তার কাছে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, অভিযান অব্যাহত রয়েছে। সোয়াট টিমের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের একটি টিম অংশ নিয়েছে। বাড়ির অন্য বাসিন্দাদের নিরাপত্তার কথা ভেবে অভিযান অধিক সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু আমাদের অনুকূলে আছে।’