লালমনিরহাট সদর উপজেলার মোগলহাহা্ট ইউনিয়নের খারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী রাশেদা খাতুনকে (১৩) জোর করে বিয়ে করার অভিযোগে বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহিমের (৩১) বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার সোমবার সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় মোগলহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি করেন ।
জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, ‘আব্দুর রহিম তাঁর প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে অনৈতিকভাবে দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রী রাশেদা খাতুনকে গত ২৬ জুন এফিডেভিট করে বিয়ে করেন। তিনি যে খারাপ উদাহরণ সৃষ্টি করেছেন, সেটি প্রতিরোধে জনস্বার্থে মামলাটি করেছি।’
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনে হাবিবুর রহমান মামলাটি করেছেন। তিনি বলেন, তদন্ত করে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আব্দুর রহিমসহ বাল্যবিবাহে সহায়তাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
এদিকে লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার বলেন, আইন বহিরর্ভূতভাবে বাল্যবিবাহ করায় আবদুর রহিমকে বিদ্যালয় ব্যবস্থাপনার কমিটির সভাপতি পদ থেকে ও কমিটির সদস্য পদ থেকেও অব্যাহতি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যেই লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসারকে লিখিত আদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার প্রথম আলোর বিশাল বাংলায় ‘পঞ্চম শ্রেণীর ছাত্রীকে সভাপতির বিয়ে’ এবং প্রথম আলো অনলাইনে গতকাল রোববার রাতে ‘পঞ্চম শ্রেণীর ছাত্রীকে বিদ্যালয় সভাপতির জোর করে বিয়ে!’ শিরোনামে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হলে লালমনিরহাটসহ সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।