চট্টগ্রামে সিন্দুক থেকে সোনার বার ও টাকা উদ্ধারের ঘটনায় করা মামলার আসামি ব্যবসায়ী আবু আহমেদকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে টাকার উৎস ও গন্তব্য সম্পর্কে জানতে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত শুরু করেছে।
গত সোমবার রাতে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেটের ষষ্ঠ তলার দুটি কক্ষে অভিযান চালিয়ে তিনটি সিন্দুক জব্দ করা হয়। পরে সেগুলো নগরের কোতোয়ালি থানায় নিয়ে খোলা হয়। একটি সিন্দুকে ২৫০টি সোনার বার ও আরেকটিতে ৬০ লাখ টাকা পাওয়া যায়। অন্য সিন্দুকে কিছু পাওয়া যায়নি। ব্যবসায়ী আবু আহমেদের নামে বাহার মার্কেটের ওই দুটি কক্ষ ভাড়া নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার থেকে মামলার তদন্ত শুরু করেছে ডিবি।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, উদ্ধার করা সোনার বার ও টাকার উৎস ও গন্তব্য সম্পর্কে জানতে গোয়েন্দা পুলিশ কাজ শুরু করেছে। আসামি আবু আহমেদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে চোরাচালানের অভিযোগে করা মামলার আসামি আবু আহমেদের চট্টগ্রামের ফটিকছড়ির জাফতনগর ইউনিয়নের ফতেপুর গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুই বছর আগে তিনি গ্রামে একটি বাড়ি নির্মাণ করলেও আসেন খুবই কম।
বাড়ির তত্ত্বাবধায়ক মো. এমরান জানান, আবু আহমেদ সর্বশেষ ২ জানুয়ারি বাড়ি এসে সেদিনই চলে যান। এ ছাড়া তিনি মাঝেমধ্যে এলেও রাত কাটিয়ে নগরে চলে যেতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আবু আহমেদ (৪০) নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। তাঁর বাবা ফয়েজ আহম্মেদ মুদি দোকানি ছিলেন। পরে তিনি আরব আমিরাত যান। ছেলে আবু আহমেদকেও তিনি সেখানে নিয়ে যান। সাত-আট বছর আগে থেকে এলাকার লোকজন জানতে পারেন আবু আহমেদ সেখানে বড় ব্যবসা করছেন।
জাফতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল হালিম বলেন, গত দুই থেকে তিন বছর থেকে এলাকার গরিব লোকজনকে দানখয়রাত করতে থাকেন আবু আহমেদ। তবে তিনি যে অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন, তা এলাকার কেউ জানতেন না।