সেই ভোগান্তিতেই পড়লেন সৈয়দ

‘পাখিরা উড়ে যায় পাখিদের বাসায়/ মানুষ দাঁড়িয়ে থাকে সিএনজির আশায়...।’ এ রকম ছন্দ-কথা লেখা সৈয়দ আহমদের (৪৫) সিএনজিচালিত অটোরিকশায়। গত সোমবার দুপুরে সিলেট নগরের মিরের ময়দান এলাকায় হামলার শিকার হয় সেই অটোরিকশাটি। ককটেল হামলায় আহত হন চালক সৈয়দ।
ভাড়ায় অটোরিকশা চালানোর পাশাপাশি সৈয়দের আরেকটি পেশা আছে। ব্যানার-সাইনবোর্ড লেখা। ‘সৈয়দ আর্টিস্ট’ নামে আলাদা পরিচিতিও আছে এলাকায়। অবরোধ-হরতালে মানুষের ভোগান্তি নিয়ে প্রায়ই নিজের ছন্দ-কথা আওড়াতেন তিনি। এখন সেই ভোগান্তিতেই পড়লেন সৈয়দ।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ককটেলে দুই শিশুযাত্রীসহ সৈয়দও আহত হন। তাঁর গলায় গাড়ির কাচ ও ককটেলের স্প্লিন্টার ঢোকে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে বের করা হয় সেসব কাচ আর স্প্লিন্টার।
হাসপাতালের উপপরিচালক মো. আবদুছ ছালাম জানান, অস্ত্রোপচারের পর অনেকটাই শঙ্কামুক্ত সৈয়দ। তবে তাঁর ডান হাতের কবজি ভেঙে গেছে। এখন চলছে তারই চিকিৎসা।
সিলেট-সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ উপজেলার মাহতাবপুরের বাসিন্দা সৈয়দ। রাস্তার পাশেই ‘সৈয়দ আর্ট’ সাইনবোর্ড-চিহ্নিত তাঁর বাড়ি। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে নিয়ে ছয় সদস্যের সংসার। সন্তানেরা সবাই স্কুলপড়ুয়া।
সৈয়দের স্ত্রী মনিরা বেগম জানান, সন্তানদের পড়ালেখা আর সংসারের খরচ একাই চালাতেন তাঁর স্বামী। এ জন্য অটোরিকশা চালানোর পাশাপাশি আঁকাআঁকির কাজও করতেন। মনিরা বলেন, ‘মানুষটা দুই হাতে রোজগার করতা, তাইনের ই-অবস্থায় আমরা চলমু কী-লা?’
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অচেতন অবস্থায় ছিলেন সৈয়দ। মঙ্গলবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, তাঁর অবস্থার উন্নতি হয়েছে। তবে স্পষ্ট করে কথা বলতে পারছিলেন না। শয্যার পাশে তাঁর বড় ছেলে নবম শ্রেণিপড়ুয়া মোহাম্মদ আলী জানায়, গলায় আঘাতের জন্য জোরে কথা বলতে পারছেন না তার বাবা। সে জানায়, ব্যানার-সাইনবোর্ড লেখায় ব্যস্ত থাকলেও কোনো যাত্রী ডাকলে তার বাবা অটোরিকশা নিয়ে ছুটে যেত। মোহাম্মদ বলে, ‘বাবা যে হাতদি আর্ট করতা, ওই হাতটাই ভাঙল! ই-বিচারটা আমরা পাইমুনি?’
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ হামলার ঘটনায় ওই দিন রাতেই অজ্ঞাত পরিচয় ১০-১৫ জনকে আসামি করে পুলিশ মামলা করেছে। গত বুধবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।