সেই মাইক্রোচালকের নাম 'ভুলে' গেছেন মালিক!
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তাঁর নাম তোফাজ্জল হোসেন (৪৫)। পেশায় বিমাকর্মী। এ ঘটনায় মাইক্রোবাসটিকে আটক করেছে পুলিশ। তবে পালিয়ে গেছেন চালক। এ ব্যাপারে মাইক্রোবাসের মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চালকের নামই জানেন না বলে দাবি করেন।
মাইক্রোবাসের ধাক্কায় গত রোববার দুপুরে শ্যামলীর আশা টাওয়ারের সামনের সড়কে মাইক্রোবাসের বাম্পারে আটকে যান তোফাজ্জল। চালক মাইক্রোবাস না থামিয়ে বরং তীব্র বেগে চালিয়ে যান। এতে গুরুতর আহত হয়ে মারা যান তোফাজ্জল।
তোফাজ্জলের স্ত্রী শামীমা চৌধুরী বলেন, দুই বছর আগে তোফাজ্জল হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর তাঁর ডান পাশ কিছুটা অবশ হয়ে যায়। চিকিৎসার জন্য রোববার তিনি আগারগাঁওয়ে নিউরোলজি হাসপাতালে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
পুলিশ জানায়, ঘটনার পর মিরপুরের মাজার রোড থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি আটক করে দারুস সালাম থানার পুলিশ। সেটি আটক করা হলেও চালককে পাওয়া যায়নি। রোববার রাতেই দারুস সালাম থানার পুলিশ মাইক্রোবাসটি মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, মাইক্রোবাসের মালিকপক্ষের কেউই থানায় আসেনি। রাস্তায় পড়ে থাকা ব্যাগে কাগজপত্রে থাকা ঠিকানা অনুযায়ী তোফাজ্জলের পরিবারকে খবর দেওয়া হয়।
তবে মাইক্রোবাসের মালিক মামুন হোসেন বলেন, সড়ক পার হওয়ার সময় প্রথমে একটি প্রাইভেট কার ওই ব্যক্তিকে ধাক্কা মেরেছিল। এতে পেছনে থাকা মাইক্রোবাসের বাম্পারে আটকে যান ওই ব্যক্তি। মামুন দাবি করেন, মাজার রোড এলাকায় গাড়ি রেখে চালক পালিয়ে গেছেন। গাড়ির চাবি দিয়ে গেছেন কল্যাণপুরে এক বাসায়।
‘চালকের নাম কী?’ জানতে চাইলে মামুন বলেন, ‘অন মাথায় জাম ধরি গেছে। হের নাম ভুলি গেছি। মিটমাটের চেষ্টা কইততেছি।’ মামুনের ভাষ্য, তিনি নোয়াখালীতে রেন্ট-এ-কারের ব্যবসা করেন। তাঁর ভগ্নিপতিকে আনার জন্য নোয়াখালী থেকে মাইক্রোবাসটি ঢাকায় পাঠিয়েছেন তিনি।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেছেন নিহত তোফাজ্জলের স্ত্রী শামীমা। তিনি বলেন, রাজধানীর আদাবর এলাকায় বায়তুল আমান হাউজিংয়ের ১৩ নম্বর রোড এলাকায় তাঁদের বাসা। তাঁদের দুই সন্তান। শামীমা বলেন, ‘পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা যেভাবে বলতেছে, তাতেই মনে হচ্ছে, এটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা।’