সেই রতন দাশকে ডেন্টাল পরিষদ থেকে বহিষ্কার
শেরপুরে ভুয়া ডিগ্রি ও পদবি ব্যবহার করে রোগীদের ভুল ও অপচিকিৎসা দেওয়ার অভিযোগে হাতুড়ে দন্ত চিকিৎসক রতন চন্দ্র দাশকে ডিপ্লোমা ডেন্টাল চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডেন্টাল পরিষদ (বিডিপি) থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান গতকাল শুক্রবার বিকেলে এ সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন।
রকিবুল হাসান প্রথম আলোকে বলেন, বিডিপির কেন্দ্রীয় সংগঠন ও শেরপুর জেলা শাখা থেকে বারবার সতর্কবার্তা ও নির্দেশনা দেওয়ার পরও তা অমান্য করে রতন দাশ চিকিৎসা দিয়ে আসছিলেন। এ ছাড়া গত ২২ মের প্রথম আলোয় প্রকাশিত ‘চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা দিচ্ছেন তাঁরা! শেরপুরে চেম্বার খুলে বসেছেন আট ডিপ্লোমা টেকনোলজিস্ট’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ করে শেরপুরের স্থানীয় দৈনিক তথ্যধারায় ২৬ মে রতন দাশ একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। ওই বিজ্ঞপ্তিতে যা বর্ণনা করা হয়েছে, এর মাধ্যমে তিনি (রতন) দেশের সব ডেন্টাল টেকনোলজিস্টকে হেয় প্রতিপন্ন করেছেন। এমন অবস্থার প্রেক্ষাপটে রতন দাশকে বিডিপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২৮ মে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
এর আগে ২৬ মে মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১৪-এর সদস্যদের সহযোগিতায় শেরপুরের নির্বাহী হাকিম মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অননুমোদিতভাবে দন্ত চিকিৎসা দেওয়ার অভিযোগে শেরপুর জেলা শহরের বটতলা এলাকায় অবস্থিত দি রতন’স ডেন্টাল পয়েন্ট সিলগালা করে দেন। রতন দাশ ওই ডেন্টাল পয়েন্টের স্বত্বাধিকারী। আদালতের অভিযানের খবর পেয়ে রতন দাশ সুকৌশলে চেম্বার থেকে পালিয়ে যান। পরে রতনের অনুপস্থিতিতে র্যাব সদস্যরা তল্লাশি চালিয়ে ‘ডা. রতন চন্দ্র দাশ’ লেখা বিভিন্ন প্যাড, ভিজিটিং কার্ড, প্রেসক্রিপশনসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করেন। পরে নির্বাহী হাকিম মো. মেহেদী হাসানের নির্দেশে ওই ডেন্টাল পয়েন্টটি সিলগালা করে দেওয়া হয়।