জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি মামলার তদন্ত আটকে আছে নির্বাচন কমিশনের (ইসি) অফিস সহকারীর সেই ল্যাপটপে। সাড়ে পাঁচ মাস আগে আদালত ল্যাপটপে থাকা তথ্য দিতে ইসিকে নির্দেশ দিলেও এখনো পাওয়া যায়নি। মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট বলছে, এ কারণে তদন্ত এগোতে পারছে না।
এই মামলায় সর্বশেষ আসামি গ্রেপ্তার হয় গত বছরের ২৭ জুন। তাঁর নাম আবসার উল্লাহ। তিনি দালাল হিসেবে কাজ করতেন। তিনি এখন কারাগারে। এরপর নতুন কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। উল্টো গ্রেপ্তার ১৭ আসামির মধ্যে ১৫ জন জামিনে বেরিয়ে গেছেন। তদন্তে অগ্রগতি নেই এনআইডি জালিয়াতির ঘটনার আরও পাঁচ মামলারও।
সর্বশেষ ১৬ জানুয়ারি আরাকান স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহর ‘ভাই’ মো. শাহ আলী বাংলাদেশি এনআইডিসহ গ্রেপ্তারের পর নতুন করে জালিয়াতির বিষয়টি সামনে আসে। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার দেওয়ান বাজার জয়নব কলোনির স্থায়ী ঠিকানা ব্যবহার করে তিনি এনআইডি নেন। ইসির সুরক্ষিত সার্ভারে তাঁর নামও তুলে দেওয়া হয়। বর্তমানে এটি অকার্যকর রয়েছে। পুলিশ ও নির্বাচন কমিশন বলছে, তিন বছর আগে জালিয়াতি করে শাহ আলী এনআইডি নিয়েছেন।
এনআইডি জালিয়াতি মামলার তদন্তকারী সংস্থা চট্টগ্রাম পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার ফারুক উল হক প্রথম আলোকে বলেন, ল্যাপটপটির মাধ্যমে রোহিঙ্গাদের ভোটার করা হয়েছিল। এ–সংক্রান্ত তথ্য ইসিতে রয়েছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি হওয়ায় আদালতের আদেশে ১৪ জুলাইয়ের পরপর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বরাবর ডাকযোগে চিঠি দেওয়া হয়। তথ্য না পাওয়ায় তদন্ত এগোতে পারছে না।
গত ছয় মাসে নতুন আসামি গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে ফারুক উল হক বলেন, সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে কিছু নিয়মকানুন রয়েছে। এসব মেনে এগোনো হচ্ছে।
তবে তদন্তকারী সংস্থার চিঠি এখনো পাননি জানান ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর।
মামলার প্রেক্ষাপট
২০১৯ সালের ১৮ আগস্ট লাকী নামের এক নারী চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে এনআইডির স্মার্ট কার্ড তুলতে গেলে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, ওই নারী রোহিঙ্গা এবং টাকা দিয়ে তিনি এনআইডি করিয়েছেন। ওই ঘটনার চার দিন পর ২২ আগস্ট কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটির তদন্ত শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
আদালত সূত্র জানায়, এনআইডি জালিয়াতির মামলায় গ্রেপ্তার ১৭ জনের মধ্যে ১১ জন ইসির কর্মী, যাঁদের ৪ জন স্থায়ী ও ৭ জন অস্থায়ী। বাকিরা তাঁদের সহযোগী (দালাল)। ছয়জন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাঁদের জবানবন্দিতে ইসির ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জাম বাসায় নিয়ে রোহিঙ্গাদের ভোটার করা এবং কর্মকর্তাদের মাধ্যমে তা ইসির সার্ভারে আপলোড করার বর্ণনা উঠে আসে।
সেই ল্যাপটপ ও আদালতের আদেশ
মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের পরিদর্শক সঞ্জয় কুমার সিনহার আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৪ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার ইসির অফিস সহকারী জয়নাল আবেদীনের কাছ থেকে জব্দ করা ল্যাপটপটি সম্পর্কে তথ্য দিতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালককে আদেশ দেন।
এতে ল্যাপটপটির মাধ্যমে কখন কোন কোন উপজেলা নির্বাচন অফিসের সার্ভার ব্যবহার করে অবৈধ কতজন রোহিঙ্গাকে বাংলাদেশি এনআইডি দেওয়া হয়েছে; এটির আইডি পরিবর্তন হয়েছিল কি না; রোহিঙ্গাদের ডেটা আপলোড করার সময় সার্ভারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিস্তারিত তথ্য; ল্যাপটপটির হার্ড ড্রাইভে ১ হাজার ৯৪৬টি ফাইল রয়েছে, এগুলোর মধ্যে কী তথ্য রয়েছে—এসবসহ ১০টি তথ্য দিতে বলা হয়। আদালতের আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে তদন্ত কর্মকর্তাকে এসব তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়।
অবশ্য জয়নাল আবেদীন নিজেই ১ হাজার ৮৪০ রোহিঙ্গাকে এনআইডি করিয়ে দেওয়ার কথা আদালতে জবানবন্দিতে জানিয়েছিলেন। প্রত্যেক রোহিঙ্গাকে ভোটার করার জন্য পাঁচ হাজার টাকা পেতেন তিনি। এই মামলায় জামিনে আছেন জয়নাল আবেদীন। তিনি গত বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ইসির সার্ভারে আপলোড দিতে হলে পাসওয়ার্ড জানতে হয়। ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া তা কারও জানার কথা নয়। তাঁদের বের করা হোক।
অগ্রগতি নেই আরও পাঁচ মামলার
রোহিঙ্গা নারীর (লাকী) এনআইডি প্রতারণার ঘটনায় ডবলমুরিং থানায় আরেকটি মামলার তদন্তও থেমে আছে। এই মামলায় ইসির অফিস সহায়ক জয়নালসহ নয়জনকে শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানো ছাড়া কোনো অগ্রগতি নেই।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ শরীফ চেষ্টা চলছে বলে জানান।
জয়নাল আবেদীন নিজেই ১ হাজার ৮৪০ রোহিঙ্গাকে এনআইডি করিয়ে দেওয়ার কথা আদালতে জবানবন্দিতে জানিয়েছিলেন।
এদিকে রোহিঙ্গা ডাকাত (বন্দুকযুদ্ধে নিহত) নুর আলম ও তাঁর স্ত্রী নুর কাইয়াছ চট্টগ্রাম নগরের হালিশহরের ঠিকানায় এনআইডি নেওয়ার ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের ১৫ জুন জনপ্রতিনিধি, ইসি কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে। এনআইডি জালিয়াতির এটিসহ আরও তিনটি মামলা করে দুদক একই সময়ে।
জানতে চাইলে দুদক চট্টগ্রামের পরিচালক মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, মামলাগুলো দ্রুত শেষ করার কাজ চলছে।
সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব মামলার তদন্ত শেষ করা উচিত বলে মন্তব্য করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক আখতার কবির চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, জড়িত ব্যক্তিদের আইনের আওতায় না আনলে বাংলাদেশের নিরাপত্তা হুমকিতে পড়বে।