সেই শিক্ষকের আরেকটি কাণ্ড
নারায়ণগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে সদ্য পাস করা এসএসসি পাস শিক্ষার্থীদের না জানিয়ে তাদের ওই প্রতিষ্ঠানে ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণ করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শীতল চন্দ্র দে ও সহকারী শিক্ষক সাইফুল ইসলাম এই কাজ করেছেন। এর ফলে এসব শিক্ষার্থী অন্য কোনো কলেজে আবেদন করতে পারবে না। তাঁরা বিষয়টি সমাধানে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
অনলাইনে আবেদনের মাধ্যমে মেধাক্রমানুসারে পছন্দের কলেজে ভর্তি হয় শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা সেভাবে ফরম পূরণ করতে গিয়ে জানতে পারে, তাদের নামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতল চন্দ্র ও সহকারী শিক্ষক সাইফুল ইসলাম আগেই ভর্তির ফরম পূরণ করে পাঠিয়ে দিয়েছেন। অথচ তারা এ বিষয়ে কিছুই জানে না।
কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক জানান, নারায়ণগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে কলেজ শাখা খোলার অনুমতি মিললেও তার জন্য এখনো অবকাঠামো তৈরি করা হয়নি। নিয়োগ দেওয়া হয়নি কোনো শিক্ষক। এ অবস্থায় সেখানে ভর্তি হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
ক্ষুব্ধ শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবক গতকাল সোমবার বিদ্যালয়ে ভিড় করেন। অবস্থা বেগতিক দেখে কৌশলে প্রধান শিক্ষক শীতল চন্দ্র সেখান থেকে বেরিয়ে যান। এরপর অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়লে সহকারী শিক্ষক সাইফুল ইসলাম তাঁদের সঙ্গে অশোভন আচরণ করেন।
জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক শীতল চন্দ্র দাবি করেন, এটি তাঁরা করেননি। এটি বোর্ড থেকে করা হয়েছে। কিন্তু নারায়ণগঞ্জের অন্যান্য স্কুলে যোগাযোগ করে এ ধরনের আর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আবদুস সালাম বলেন, ‘আমরা আমাদের স্কুল থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের আমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। তবে তাদের অন্য কলেজে ভর্তি হওয়ার স্বাধীনতাও আছে।’
অনলাইনের মাধ্যমে আবেদন করে শিক্ষার্থীরা তাদের পছন্দমতো যেকোনো কলেজে ভর্তি হতে পারবে। তা ছাড়া ইচ্ছে করলে তারা যে স্কুল থেকে পাস করেছে সেখানেও ভর্তি হতে পারবে বলে জানালেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শাহীন আরা।
নারায়ণগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতল চন্দ্রের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের স্বাক্ষর জাল করে এসএসসি পরীক্ষার কেন্দ্র এই স্কুলে আনার চেষ্টার অভিযোগে মামলা হয়েছিল। ওই মামলায় শীতল চন্দ্র গ্রেপ্তার হয়ে তিন মাস জেল খাটেন। মামলাটি বিচারাধীন। এ ছাড়া সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য নয় হাজার টাকা করে ফি নিয়েছিলেন। পরবর্তী সময়ে উচ্চ আদালত বোর্ড ফি বাদে বাকি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ এখনো সেই টাকা ফেরত দেয়নি।