সেই শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
অসদাচরণের দায়ে প্রধান শিক্ষকের পদ থেকে পদাবনতি হওয়া সেই শিক্ষকের বিরুদ্ধে এবার অনিয়মের অভিযোগ উঠেছে। সহকারী শিক্ষক হয়েও তিনি বিভিন্ন কাগজে প্রধান শিক্ষক হিসেবে স্বাক্ষর করছেন।
ওই শিক্ষক হলেন শ্যামল চন্দ্র হাওলাদার। তিনি ২৯ জানুয়ারি থেকে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে আছেন। এর আগে তিনি প্রধান শিক্ষক পদে ছিলেন উপজেলার বগা ইউনিয়নের বালিয়া চাঁদপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
সম্প্রতি বগা ইউনিয়নের ধাউরাভাঙা গ্রামের কয়েকজনের জন্মনিবন্ধন আবেদনপত্রে প্রধান শিক্ষক হিসেবে প্রত্যয়ন দিয়েছেন শ্যামল চন্দ্র। এ ক্ষেত্রে তিনি তাঁর আগের প্রতিষ্ঠানের সিল ব্যবহার করেছেন। বিষয়টি নিশ্চিত করে বগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম জামান আহম্মেদ বলেন, ‘এটা এক ধরনের প্রতারণা। এর শাস্তি হওয়া উচিত।’
তবে শ্যামল চন্দ্র এই অভিযোগ অস্বীকার করেছেন।
বালিয়া চাঁদপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালে শ্যামল চন্দ্র ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষের সঙ্গে মুঠোফোনে অসদাচরণ করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বিভাগীয় মামলা করেন। ওই মামলার তদন্ত শেষে তাঁকে পদাবনতি দেওয়া হয়।