সেই শিক্ষকের বিরুদ্ধে ফের শিক্ষার্থী পেটানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবীর সরকারের বিরুদ্ধে আবারও শিক্ষার্থী পেটানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করেন তিনি। এর আগেও ওই শিক্ষক দুবার শিক্ষার্থী পিটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকাল ১০টা থেকে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করছিলেন শিক্ষকেরা। সপ্তম শ্রেণিতে বই বিতরণকালে হুমায়ুন কবীর শিক্ষার্থী রবিন মিয়ার (১২) নাম ডাকেন। কিন্তু শিক্ষকের কাছে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয় রবিনের। ছেলেটি কাছে এলে ওই শিক্ষক খেপে গিয়ে রবিনের গালে, কানে থাপড় মারতে থাকেন। এ সময় রবিনের দুলাভাই রোমান মিয়া (৩০) এগিয়ে এসে ছেলেটিকে উদ্ধার করেন। শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ওই সময় উপস্থিত অভিভাবকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে প্রধান শিক্ষক এম এ হাসান এসে পরিস্থিতি শান্ত করেন।
রোমান মিয়া অভিযোগ করেন, ‘ওই শিক্ষক আমার সামনেই রবিনকে জোরে চড় মারতে থাকেন। প্রতিবাদ করায় তিনি আমার ওপরও খেপে ওঠেন।’
এ বিষয়ে হুমায়ুন কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শিক্ষার্থীর সঙ্গে ‘এমন আচরণ করা ঠিক হয়নি’ বলে নিজের দোষ স্বীকার করেন।
প্রধান শিক্ষক বলেন, প্রাথমিকভাবে ওই শিক্ষককে ভর্ৎসনা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘খোঁজখবর নিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
২০০৭ সালে জেলার কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে থাকাকালে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করায় শিক্ষক হুমায়ুন কবীরকে চাঁদপুরের একটি বিদ্যালয়ে বদলি করা হয়। পরে তিনি কসবা বালক সরকারি উচ্চবিদ্যালয়ে বদলি হয়ে আসেন।
সেখানেও আবার কয়েকজন শিক্ষার্থীকে মারধর করায় তাঁকে সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে বদলি করা হয়। এ ঘটনা নিয়ে গত বছরের ৪ ও ৬ জুন প্রথম আলোয় খবর ছাপা হয়।