নরসিংদীর মনোহরদীতে বিদ্যালয়ে না গিয়ে সরকারি বেতন-ভাতা উত্তোলন করা সহকারী শিক্ষক উম্মে হানি লাবনীকে গতকাল বুধবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।
উম্মে হানি উপজেলার উত্তর পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাগজে-কলমে কর্মরত আছেন। তিনি ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের নেত্রীও। উম্মে হানির পাশাপাশি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সাত দিনের মধ্যে তাঁদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে। গত সোমবার প্রথম আলোয় ‘ক্লাস না করেই বেতন নেন ছাত্রলীগ নেত্রী’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উম্মে হানি ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। যোগদানের ২৮ দিনের মাথায় ১০ অক্টোবর প্রেষণে (ডেপুটেশন) উত্তর পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন তিনি। যোগদানের পর থেকেই তিনি প্রতি মাসের শেষের দিকে দু-এক দিন বিদ্যালয়ে উপস্থিত হয়ে হাজিরা খাতায় পুরো মাসের সই করেন। বিদ্যালয়ে উপস্থিত থাকাকালে তিনি কোনো ক্লাসও নেন না।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, পত্রিকায় খবর প্রকাশের ভিত্তিতে সংশ্লিষ্ট সহকারী শিক্ষক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তাঁরা জবাব দেবেন।