সেই শিশুটি উদ্ধার হয়নি, মামলা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গত সোমবার দুপুরে নবজাতক চুরির ঘটনায় মামলা হয়েছে। নবজাতকটির বাবা তরিকুল ইসলাম বাদী হয়ে ওই রাতে সাড়ে ১২টার দিকে নগরের রাজপাড়া থানায় মামলাটি করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, তরিকুল ইসলাম অজ্ঞাত এক নারীর বিরুদ্ধে মামলাটি করেছেন। মামলার তদন্তভার দেওয়া হয়েছে থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনিসুর রহমানকে।
মামলার তদন্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডের নিরাপত্তাকর্মী, সেবিকা ও অন্য রোগীদের জিজ্ঞাসাবাদ করে ওই নারীর শারীরিক ও পোশাকের বর্ণনা পাওয়া গেছে। তাঁর খোঁজে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হচ্ছে। সব থানায় বার্তা পাঠানো হয়েছে।
এদিকে, নবজাতক চুরির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত কমিটি তদন্ত শুরু করেছে। গতকাল মঙ্গলবার সকালে কমিটির সদস্যরা ২২ নম্বর ওয়ার্ডে গিয়ে চিকিৎসক, সেবিকা, নিরাপত্তাকর্মী, রোগী ও তাঁদের অভিভাবকদের জিজ্ঞাসাবাদ করেছেন। কমিটি কাল বৃহস্পতিবারের মধ্যে তাদের প্রতিবেদন দাখিলের কথা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ড থেকে চুরি যাওয়া নবজাতকের মায়ের নাম রুবিনা খাতুন (২২)। তাঁর বাড়ি গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌর এলাকার সুরশুনিপাড়ায়। স্বামী তরিকুল ইসলাম একজন দরিদ্র কৃষক। এই হাসপাতাল থেকে গত পাঁচ বছরে এ নিয়ে চারটি নবজাতক চুরি হলো।