সেই শৌচাগারে জুয়ার আসর, আটক ১৪

সিলেট নগরের কাজীরবাজারে সুরমা নদীর তীর দখল করে মৎস্য আড়তদারদের তৈরি সেই বিলাসী শৌচাগারের নিচে এখন জুয়ার আসর বসছে। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ভেঙে ফেলা ওই শৌচাগারের দুটি কক্ষসহ পাশের আরও দুটি কক্ষ থেকে ১৪ জন জুয়াড়িকে আটক করেছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, বেলা একটার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় সেখানে চারটি স্থানে জুয়া খেলা চলছিল। ১৪ জনকে হাতেনাতে ধরা হয়। ঘটনাস্থল থেকে ভারতীয় তির খেলার একটি রেজিস্টার খাতা, টোকেন ও নগদ কিছু টাকা জব্দ করা হয়েছে। শৌচাগার ঘিরে জুয়ার আস্তানা পুরোপুরি নির্মূল করতে অভিযান অব্যাহত থাকবে। ১৪ জন আটকের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কাজীরবাজারের মাছবাজারে মৎস্য আড়তদার সমিতি নদীর তীরের কয়েক শতক জায়গা দখল করে দোতলা পাকাঘরের ওপর একটি ছাতার আদল দিয়ে শৌচাগার নির্মাণ করে। নিচতলায় আটটি শৌচাগার ও দোতলায় মৎস্য আড়তদার সমিতির কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। শৌচাগারের নির্মাণকাজ চলাকালে গত ২১ জুন প্রথম আলোয় ‘সুরমাতীরে বিলাসী শৌচাগার, বর্জ্য মিশছে নদীতে’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হলে সিলেট সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সরেজমিনে ঘুরে জায়গা দখলের বিষয়টি নিশ্চিত হয়। পরে অবৈধ দখল গুটাতে কাজীরবাজার মৎস্য আড়তদার সমিতিকে নোটিশ দেওয়া হয়। বাংলাদেশ নদী কমিশন জেলা প্রশাসনকে অবৈধ শৌচাগার উচ্ছেদ করে নদীতীরের জায়গা পুনরুদ্ধারের নির্দেশ দিলে ৫ অক্টোবর জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শৌচাগারের দোতলা পাকা অংশ ভেঙে ফেলে।
স্থানীয় লোকজন বলেন, ওই অভিযানে শৌচাগার পুরোপুরি ভেঙে ফেলা হয়নি। তবে সেটি আর শৌচাগার হিসেবে ব্যবহৃত হয়নি। সেই সুযোগে সেখানে দিনে ও রাতে পালা করে জুয়াড়িদের আস্তানা বসে। দিনের বেলা ‘ভারতীয় তির খেলা’ নামে এক ধরনের জুয়ার আসর বসে। এতে মাছ বিক্রেতাসহ আশপাশের এলাকার সাধারণ মানুষও অংশ নেন। গতকাল জুয়া খেলার সময় ১৪ জন ধরা পড়লেও আয়োজকেরা পালিয়ে গেছেন।
এর আগেও বিলাসী শৌচাগার নির্মাণকালে রাতে মদ ও জুয়ার আসর বসত। তখন অভিযান চালিয়ে আট জুয়াড়িকে আটক করেছিল পুলিশ।