সেই সন্ত্রাসীদের গ্রেপ্তারে স্বস্তিতে চাক্তাইয়ের ব্যবসায়ীরা

অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে চট্টগ্রামের চাক্তাইয়ের সন্ত্রাসী সুজন-মামুনসহ পাঁচ সন্ত্রাসী। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ। সন্ত্রাসীরা গ্রেপ্তার হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছেন ব্যবসায়ীরা। পাঁচ সন্ত্রাসী হলেন মো. সুজন, মো. মামুন, ব্যাঙ সোহেল, মো. রবিন ও আশিকুর রহমান। এর আগে গত বুধবার পুলিশের অভিযানে ধরা পড়ার ভয়ে দুই সন্ত্রাসী ফাহিম ও জনি সরকার আদালত আত্মসমর্পণ করেন। আদালত তাঁদের কারাগারে পাঠান। বাকি চারজনকে খুঁজছে পুলিশ।
গত মঙ্গলবার প্রথম আলোয় ‘সন্ত্রাসীদের দাপটে অস্থির ব্যবসায়ীরা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহারের নির্দেশে পুলিশ মাঠে নামে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নগর পুলিশের কার্যালয়ে সেদিন ডেকে এনে কড়া নির্দেশ দেওয়া হয়। এদিকে প্রতিবেদন প্রকাশের পরপরই আত্মগোপনে চলে যায় সন্ত্রাসীরা। ব্যবসায়ীদের আতঙ্ক কিছুটা কাটলেও তাঁরা অস্বস্তিতে ছিলেন।
চট্টগ্রাম শহরে চালের সবচেয়ে বড় পাইকারি বাজার চাক্তাই। এই বাজারে আছে চালকলও। চাল ছাড়াও নানা ভোগ্যপণ্য এই বাজার থেকে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। প্রতিদিন গড়ে ৪০-৫০ কোটি টাকা বেচাকেনা চলে এখানে। চিহ্নিত সন্ত্রাসীদের হাতে চাক্তাইয়ের ১ হাজার ৪০০ ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা জিম্মি হয়ে পড়েন। এ জন্য ৯ অক্টোবর থেকে চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতি, চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতি, চট্টগ্রাম রাইচ মিলমালিক সমিতি ও চট্টগ্রাম চট ব্যবসায়ী সমিতি নামের এই চার সংগঠনের উদ্যোগে সন্ত্রাসীদের ঠেকাতে এলাকায় প্রচারপত্রও বিলি করা জয়। ‘বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি’ নামে দুই পৃষ্ঠার এই প্রচারপত্রে পোস্টারে থাকা সাতজনসহ মোট নয় সন্ত্রাসীর (বাকি দুজনের একজন আরিফ ও অন্যজন সুমন) চাঁদাবাজি ও নানা অপকর্ম তুলে ধরা হয় সেখানে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, চাক্তাইয়ের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবিকারী পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযানের মুখে এর আগে গত বুধবার আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে কারাগারে যান আরও দুই সন্ত্রাসী ফাহিম ও জনি সরকার। এলাকার লোকজন এখন স্বস্তিতে রয়েছেন। ব্যবসায়ীদের প্রচারপত্র ও পোস্টারে থাকা ইয়াবা আমিন ওরফে মুছা, ইয়াবা রাজীব, মো. সুমন ও আরিফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম হারুনুর রশিদ গতকাল প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীরা গ্রেপ্তারে ব্যবসায়ীদের মধে৵ স্বস্তি ফিরে এসেছে। জামিনে এসে এঁরা যাতে ফের চাঁদাবাজি করতে না পারেন, সে ব্যাপারে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে হবে।
চাঁদাবাজ সন্ত্রাসীরা গ্রেপ্তার হওয়ায় ব্যবসায়ীদের মধে৵ স্বস্তি ফিরে এসেছে জানিয়ে চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বলেন, সন্ত্রাসীদের শাস্তি হওয়া উচিত। যাতে আর চাঁদাবাজি করতে না পারে। ব্যবসায়ীরাও সচেতন রয়েছেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকলে সন্ত্রাসীরা কিছুই করতে পারবে না। ভয় না পেয়ে কোনো সন্ত্রাসী চাঁদা দাবি কিংবা কোনো অপরাধ করলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। পুলিশ অবশ্যই যথাযথ ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন: