সেই সালিস পণ্ড
ময়মনসিংহের নান্দাইলে প্রকাশ্যে ধর্ষণের ঘটনার বর্ণনা দিতে এক কিশোরীকে সালিস বৈঠকে থাকতে বলা হয়েছিল। তবে গতকাল শুক্রবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই সালিস পণ্ড করে দেয়।
অন্তত চারজন প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল সকাল ১০টার দিকে নান্দাইলের একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে সালিসের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ওরফে কাজল, ইউপি সদস্য আবদুল হেলিম, মো. হাতেম আলী, এলাকার মাতব্বর মো. নুরুজ্জামানসহ দুই শতাধিক লোক।
মামলার বাদী ও কিশোরীর ভাই বলেন, গতকাল সকালে তিনি সাভার জামতলা বাজারে অবস্থিত তাঁর আসবাবপত্রের দোকানে যান। এর কিছুক্ষণ পর দুজন লোক এসে ইউপি চেয়ারম্যানের কথা বলে তাঁকে সালিস বৈঠকে নিয়ে যান। সেখানে মামলায় অভিযুক্ত অলিউল্লাহ, মোশাররফ ও এমদাদ ছিলেন না। তাঁদের অভিভাবকেরা সেখানে ছিলেন। এ সময় তাঁরা (কিশোরীর) পরিবারের বিরুদ্ধে আপত্তিকর কথাবার্তা বলছিলেন। অনেকটা হুমকির সুরে কথা বলছেন। এতে তিনি ভয়ে সালিসে থেকে যান। বেলা পৌনে ১১টার দিকে একদল পুলিশ এসে সালিস বন্ধ করে দেয়। পরে পুলিশ তাঁকে সেখান থেকে নিয়ে তাঁর বাড়িতে যায়। একপর্যায়ে পুলিশ তাঁর ছোট বোনকে থানায় নিয়ে যায়।
কিশোরীর আরেক বড় ভাই বলেন, ‘অভিযুক্তদের পরিবারের লোকজন এলাকার প্রভাবশালী ব্যক্তিদের হাত করে আমাদের ওপর নানা রকম চাপ সৃষ্টি করছে। পত্রিকায় না লিখলে আমার বোনকে সালিসে উপস্থিত হয়ে শত শত লোকের সামনে ধর্ষণের ঘটনার বর্ণনা দিতে হতো।’
নান্দাইল মডেল থানার ওসি আতাউর রহমান বলেন, কিশোরীকে কেউ হেনস্তা করেছে কি না, তা জানার জন্য তাকে থানায় আনা হয়েছে। তার পরিবারের কেউ অভিযোগ দিলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
কিশোরীর পরিবারের অভিযোগ, গত ২৬ অক্টোবর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আবদুর রহিম ওই কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করেন। এতে সহায়তা করেন নান্দাইলের অলিউল্লাহ, এমদাদ ও মোশাররফ। অপহরণের চার দিন পর ওই কিশোরী কৌশলে পালিয়ে বাড়িতে ফিরে আসে। বোনের মুখে ধর্ষণের ঘটনা জানার পর কিশোরীর বড় ভাই চারজনের বিরুদ্ধে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। গতকাল প্রথম আলোয় ‘ধর্ষণের বর্ণনা দিতে হবে সালিস বৈঠকে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।