সেই স্কুলের সভাপতিসহ দুজন কমিটি থেকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জের গোপাল রায় পঞ্চপথী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করায় বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ দুজনকে প্রত্যাহার করা হয়েছে।

তাঁরা হলেন সভাপতি আতাউজ্জামান রঞ্জু ও অভিভাবক সদস্য আবদুল মতিন।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্যের সই করা এ-সংক্রান্ত একটি নোটিশ আজ বৃহস্পতিবার বোর্ডের ওয়েবসাইটে দেখতে পাওয়া যায়। নোটিশটি বুধবার সই করা।

নোটিশে বলা হয়, গোপালরায় পঞ্চপথী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে লাঞ্ছনার বিষয়ে বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে তদন্ত কমিটি করা হয়। ওই কমিটি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। এতে বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অভিভাবক সদস্যের বিরুদ্ধে অভিযোগ সত্য বলে প্রতীয়মান হয়েছে। এ অভিযোগ গুরুতর অপরাধ বলে বিবেচিত হওয়ায় পরিপত্রের ৩৮ ধারা অনুযায়ী তাঁদের কমিটি থেকে প্রত্যাহার করা হলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম ও জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এস এম মোসলেম উদ্দিন বলেন, বিষয়টি তাঁদের টেলিফোনের মাধ্যমে জানানো হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্র জানায়, আতাউজ্জামান রঞ্জু বিদ্যালয়ের তহবিলের দেড় লাখ টাকা প্রধান শিক্ষকের কাছে ধার চান। গত রোববার কমিটির সভায় তাঁকে ৫০ হাজার টাকা ধার দেওয়ার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত মেনে নিতে না পেরে তিনি প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে প্রকাশ্যে গালাগালির একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। পরদিন সোমবার তারা ক্লাস বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন করে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বাদী হয়ে আতাউজ্জামান রঞ্জু, আবদুল মতিনসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

এ নিয়ে গত মঙ্গলবার প্রথম আলো ছাপা পত্রিকায় ‘কালীগঞ্জে শিক্ষক লাঞ্ছিত, অভিযোগ সভাপতির বিরুদ্ধে’ এবং আজ বৃহস্পতিবার ‘প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার সত্যতা পেয়েছে প্রতিনিধিদল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।