সেই ৫৮ লাখ টাকার উৎস, গন্তব্য অজানাই থাকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৮ লাখ টাকার উৎস ও গন্তব্যের কূলকিনারা করতে পারেনি চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। ঘটনার ৮৮ দিন পর গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
টাকাগুলো চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় কর্মকর্তাদের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল অভিযোগ উঠলেও তদন্তে কারও জড়িত থাকার প্রমাণ মেলেনি। তবে প্রতিবেদনে উল্লেখ রয়েছে, ৫৮ লাখ টাকাসহ ধরা পড়ার আগে ও পরে ইলিয়াছের সঙ্গে ভূমি অধিগ্রহণ শাখার এক সার্ভেয়ারের কথা হয়েছে। ১৩ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে ভূমি অধিগ্রহণ শাখায় মানুষের ভোগান্তি দূর করতে আটটি সুপারিশ করা হয়।
গত বছরের ১৪ অক্টোবর নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য পরিচয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেন। এরপর আদালত এলাকায় পুলিশের তল্লাশিতে ৫৮ লাখ টাকাসহ ধরা পড়েন ইলিয়াছ ভূঁইয়া নামের এক যুবক। ঘটনার পরদিন চট্টগ্রাম জেলা প্রশাসন এক সদস্যের তদন্ত কমিটি গঠন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হলেও পরে কয়েক দফায় তদন্তের মেয়াদ বাড়ানো হয়।
প্রতিবেদন পাওয়ার কথা স্বীকার করে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ভূমি অধিগ্রহণ শাখার কারও সংশিষ্টতা পাওয়া যায়নি। তবে তদন্ত কমিটি মানুষের ভোগান্তি রোধে যে আটটি সুপারিশ করেছে, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
৫৮ লাখ টাকাসহ এক ব্যক্তি আটকটাকাগুলোর উৎস ও গন্তব্য সম্পর্কে জানতে চাইলে মেজবাহ উদ্দিন বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। তদন্তকারী সংস্থা টাকার উৎস ও গন্তব্য বের করবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল হোসেন প্রথম আলোকে জানান, তদন্তে ভূমি অধিগ্রহণ শাখার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সাধারণ মানুষ, গণশুনানিতে অংশ নেওয়া লোকজনসহ ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। ভূমি অধিগ্রহণ শাখার কোনো কর্মকর্তার সঙ্গে এ টাকার সম্পৃক্ততা পাওয়া যায়নি। টাকাগুলো উদ্ধারের আগে-পরে ভূমি অধিগ্রহণ শাখার তৎকালীন সার্ভেয়ার শহীদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার কথা বলেন ইলিয়াছ। দুজনেরই বাড়ি আখাউড়ায়। তাঁরা পূর্বপরিচিত।
তদন্তকারী কর্মকর্তা জানান, ইলিয়াছ নগরের বাকলিয়া এলাকায় শহীদুলের মাধ্যমে এক আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে চট্টগ্রাম আদালত ভবনে আসেন। টাকাসহ গ্রেপ্তারের পর শহীদুলকে ফোন করেন তিনি। তাঁকে ঘুষ দিতে আসছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য প্রকাশিত হয়েছে, তার সত্যতা পাওয়া যায়নি। তিনি জানান, ইলিয়াছ কারাগারে থাকায় তাঁর বক্তব্য জানতে পারেননি।
৫৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় অর্থ পাচার আইনে দায়ের হওয়া মামলাটি বর্তমানে দুদক তদন্ত করছে। জানতে চাইলে দুদক চট্টগ্রাম বিভাগের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া রোববার সন্ধ্যায় বলেন, রিমান্ডে ইলিয়াছকে জিজ্ঞাসাবাদ করা হলেও টাকার উৎস ও গন্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি। ৭ জানুয়ারি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। দুদক তদন্ত অব্যাহত রেখেছে।
সুপারিশ: তদন্তে ভূমি অধিগ্রহণ শাখার কোনো সংশিষ্টতা পাওয়া না গেলেও মানুষের ভোগান্তি রোধে আটটি সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে ভূমি অধিগ্রহণ শাখায় একটি ফ্রন্ট ডেস্ক (অভ্যর্থনা বিভাগ) স্থাপন, খুদে বার্তার মাধ্যমে লোকজনকে তথ্য জানানোর ব্যবস্থা রাখা, দালালদের ধরতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো, দুই বছরের বেশি সময় কোনো কর্মকর্তা-কর্মচারীকে এক কর্মস্থলে না রাখা, ভূমি অধিগ্রহণ করা হলে যথাসম্ভব ঘটনাস্থলে গিয়ে ক্ষতিপূরণ দেওয়া, সার্ভেয়ার ও কানুনগোদের করপোরেট সিম দেওয়া, বাইরের কোনো লোক কার্যালয়ে প্রবেশের আগে আগমনের কারণ লিখিতভাবে সংরক্ষণের ব্যবস্থা রাখা, কাজের সময় সার্ভেয়ার কানুনগোরা অফিসের বাইরে যাওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করা।