সেই ৫৮ লাখ টাকার কিনারা হয়নি এখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের তল্লাশি চলাকালে ৫৮ লাখ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনার কোনো কিনারা হয়নি এখনো। এদিকে গতকাল রোববার চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় ছয়টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে।
গত মঙ্গলবার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য পরিচয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মুঠোফোনে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকির পর নিরাপত্তা জোরদার করে পুলিশ। পরে তল্লাশি চালাতে গিয়ে ইলিয়াছ ভুঁইয়া (৩২) নামের এক ব্যক্তিকে ওই টাকাসহ আটক করে পুলিশ।
এ ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও পুলিশ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করলেও রহস্য উদ্ঘাটন করা যায়নি।
গতকাল দুপুরে ভূমি অধিগ্রহণ শাখার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, রোববার সকাল থেকে এখানে ছয়টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। জেলা প্রশাসক তাঁর কার্যালয়ে বসে সব দেখছেন। এ জন্য দালালসহ লোকজনের আনাগোনা কমে গেছে।
তদন্ত সম্পর্কে জানতে গতকাল জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল হোসেনের কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। কার্যালয় থেকে জানানো হয়, তিনি ছুটিতে আছেন। সোমবার অফিস করবেন। পরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
পুলিশের তদন্ত কমিটির সদস্য নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, তদন্ত শুরু হয়েছে। রিমান্ডের আবেদন মঞ্জুর হলে আসামির কাছ থেকে অনেক ক্লু পাওয়া যাবে। সেই সূত্র ধরে অনেক রহস্য বেরিয়ে আসতে পারে।
এদিকে ইলিয়াছকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি হবে আজ সোমবার।