সেই 'জঙ্গি আস্তানায়' এক সবজি বিক্রেতা কিশোর যা দেখেছিল
রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পের কাছে যে বাড়ি ঘিরে অভিযান চালানো হয়েছে, ‘সূর্য ভিলা’ নামে সেই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল সবজি বিক্রেতা এক কিশোরের। গতকাল শনিবার আশকোনায় অভিযান চলার সময় ওই কিশোরের সঙ্গে প্রতিবেদকের কথা হয়।
১৪-১৫ বছরের ওই কিশোর জানায়, ওই বাড়িতে তার বয়সী একটি ছেলে ছিল। যে নিজেকে শহীদ নামে পরিচয় দিত, তার সঙ্গে ওবায়দুল্লাহ নামে ৯-১০ বছর বয়সী আরেকটি ছেলে থাকত। সবজি বিক্রেতা কিশোরটি কখনো সবজি বেচতে, কখনো বন্ধু শহীদের সঙ্গে দেখা করতে ওই বাড়িতে যেত। বাড়িটিতে শহীদ তাকে গুলি ছাড়া পিস্তল চালনা দেখিয়েছে। বোমা বানানো শেখাতে চেয়েছে।
সবজি বিক্রেতা কিশোরের দাবি, বছর দেড়েক আগে শহীদের পরিবার দক্ষিণখানের তালতলা এলাকায় থাকত। তখন থেকেই তাকে চেনে সে। এমনকি আজিমপুরে নিহত আফিফের বাবাকেও সে চিনত। আশকোনায় পূর্বপাড়ায় তারা আসার পরে সবজি বেচতে গিয়েই শহীদের সঙ্গে তার দেখা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। এ কারণে সবজি বেচা ছাড়াও প্রায়ই ওই বাড়িতে যেত সে। কখনো শহীদ নামের ছেলেটি ওবায়দুল্লাহকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকত সবজি বিক্রেতা বন্ধুর জন্য।
ওই কিশোর ঘটনাস্থলে সাংবাদিকদের বলে, ‘সূর্য ভিলা’য় তার যাওয়া-আসা নিয়ে একাধিকবার ওই বাড়িতে থাকা এক নারী শহীদকে বকাবকি করেছেন। তাঁরা শহীদকে বলতেন, ‘ও তো বাইরে গিয়ে ভেতরের কথা সব বলে দেবে।’ শহীদ বলত, ‘ও আমার বন্ধু। ও ইসলামের পথে আসবে।’ ওই বাড়িতে তিনজন নারী ও একজন পুরুষ সব সময় থাকতেন। আরও দুই ব্যক্তি প্রায়ই আসতেন, যাঁরা একটি সাদা গাড়ি ব্যবহার করতেন। ওই পুরুষদের একজনও তার যাওয়া-আসা নিয়ে শহীদকে বকেছিলেন।
কিশোরটি জানায়, শহীদ তাকে মাঝেমধ্যেই জিহাদের কথা বলত। একদিন পিস্তল দেখিয়ে বলেছিল, সে সব ধরনের অস্ত্র চালাতে পারে, বোমাও বানাতে পারে। ইসলামের পথে থাকতে গেলে তারও (সবজি বিক্রেতার) এসব শেখা উচিত।
পুলিশের ধারণা, ওই সবজি বিক্রেতা যে ছেলেটির বর্ণনা দিচ্ছে, সেই ছেলেটি আসলে আফিফ কাদরী। কর্মকর্তারা বলেন, আফিফের বাবা তানভীর কাদরী গত ১০ সেপ্টেম্বর রাজধানীর আজিমপুরের একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের সময় নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন। তবে ৯ থেকে ১০ বছরের যে আরেকটি ছেলের কথা বলা হচ্ছে, অভিযানে তার কোনো হদিস পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, তানভীর কাদরী ব্যাংকে চাকরি করতেন। গত বছর তাঁরা সপরিবারে জঙ্গিবাদে যুক্ত হন। তাঁর স্ত্রী আবেদাতুন ফাতেমা ও আফিফের যমজ ভাই ১০ সেপ্টেম্বরই গ্রেপ্তার হন। আফিফকে খুঁজে ফিরছিল পুলিশ।