সেগুনবাগিচায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষ, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধসহ চারজন আহত হন।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন আবুল হাশেম ও তাঁর ছোট বোন আঞ্জুমান আরা। আহত দুজন হলেন জাহিদ ও সোহেল। ঘটনাস্থল থেকে পুলিশ একটি শটগান, ৩১টি গুলি ও ১৮টি গুলির খোসাসহ আটজনকে আটক করে।
র্যা ব-৩-এর সহকারী পুলিশ সুপার আবদুল করিম প্রথম আলোকে বলেন, সেগুনবাগিচার একটি পাঁচতলা বাড়ির জায়গা নিয়ে মৃত আবুল কাশেমের পরিবার ও তাঁর ভাই মোহাম্মাদ হোসেনের সঙ্গে আরেক ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল।
তিন পরিবারের লোকজন ওই জায়গায় আলাদা আলাদা বসবাস করেন। তবে জাকিরের দাবি, তাঁর অন্য দুই ভাই জায়গা বেশি পেয়েছেন। এ নিয়ে গতকাল সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে জাকিরের ছেলে হৃদয় গুলি করলে কয়েকজন আহত হন।
আহত আবুল হাশেমের স্ত্রী লাইলুন নাহার বলেন, তাঁদের বাড়ির সামনে ১০ ফুট প্রশস্ত রাস্তা দখলের চেষ্টা করে আসছিলেন
তাঁর চাচা শ্বশুর জাকির হোসেন। গতকাল সকালের দিকে জাকির ও তাঁর ছেলে হৃদয় সন্ত্রাসী নিয়ে ওই জায়গায় প্রাচীর নির্মাণের চেষ্টা করেন। খবর পেয়ে তাঁর স্বামী, দুই চাচা শ্বশুর, আবুল কাশেমের ও মোহাম্মাদ হোসেনের পরিবারের লোকজন বাধা দেন।
প্রত্যক্ষদর্শী ও র্যাব সূত্র জানায়, রাস্তা নিয়ে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হলেও পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষ ইটপাটকেল ছুড়তে থাকে। এতে আহত হন তাঁদের ভাড়াটে জাহিদ ও সোহেল। একপর্যায়ে জাকিরের ছেলে হৃদয় শটগান দিয়ে বেশ কয়েকটি গুলি ছোড়েন। গুলি রতনের ডান চোখের পাশে ও আঞ্জুমানের গালে লাগে। এ সময় পুলিশ ও র্যাব-৩-এর সদস্যরা সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে জাকিরের বাসায় তল্লাশি করে শটগানসহ ৩১টি গুলি ও ১৮টি গুলির খোসা জব্দ করা হয়। সেখান থেকে জাকির ও তাঁর ছেলে হৃদয়সহ স্থানীয় সন্ত্রাসী পলাশ, মহিউদ্দিন, এমরান, মনির হোসেন, রফিউল্লাহ ও শায়েখ আহমেদকে আটক করে র্যাব।