সেগুনবাগিচায় ভূঁইয়া ম্যানশনে আটকে রেখে নারীকে ধর্ষণ
রাজধানীর সেগুনবাগিচায় ভূঁইয়া ম্যানশনে বৃহস্পতিবার রাতে এক নারীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল কাশেম ও সালাউদ্দিন নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ বলেছে, ওই নারী চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে যুক্ত।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ওই নারী তাঁর খালাতো ভাইয়ের সঙ্গে ঢাকায় কেনাকাটা করতে আসেন। সন্ধ্যায় নিউমার্কেটে কেনাকাটা শেষ হয়। তখন ওই নারীকে ফোনে ভূঁইয়া ম্যানশনে যেতে বলা হয়। সাড়ে সাতটার দিকে সেখানে গেলে দুই যুবক ওই নারীর খালাতো ভাইকে তাদের জন্য খাবার আনতে পাঠায়। খাবার নিয়ে ফিরে কক্ষের ভেতর থেকে সিটকিনি লাগানো পান তিনি। অনেক ডাকাডাকির পরও দরজা খোলা না হলে তিনি রমনা থানায় বিষয়টি জানান। রাত নয়টার দিকে পুলিশ ভূঁইয়া ম্যানশনে যায়। পুলিশের চাপের মুখে ভেতর থেকে দরজা খুলে দেওয়া হয়। পুলিশ ওই নারীকে উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং দুই যুবককে আটক করে। ওই নারী পুলিশের কাছে অভিযোগ করেন, দুই যুবক তাঁকে ধর্ষণ করেছে।
ঘটনা তদন্তকারী রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার ঘোপ প্রথম আলোকে বলেন, আটক যুবকেরা মদ্যপ ছিলেন। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে ওই নারী ধর্ষণের শিকার হয়েছিলেন কি না তা নিশ্চিত করে বলা যাবে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।