সেচখাল ভরাট করে রাস্তা নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা প্রকল্পের পানি সেচের খাল ভরাট করে গোয়ালভাওর গ্রাম এলাকায় রাস্তা নির্মাণ করা হয়েছে। এ ঘটনায় ওই গ্রামের এক চাষি প্রকল্পের নির্বাহী প্রকৌশলীর কাছে স্থানীয় তিন ব্যক্তির বিরুদ্ধে ২ মার্চ লিখিত অভিযোগ করেছেন।
ওই গ্রামের তিন-চারজন বাসিন্দা বলেন, গত জানুয়ারির শেষ দিকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গোয়ালভাওর গ্রামের ইলিয়াছ তালুকদার, মোস্তফা মাঝি ও শাহিন মোল্লা প্রকল্পের সেচখাল ভরাট করে রাস্তা নির্মাণ করেন। এতে সেখানকার ২০ একর জমিতে সেচ-সুবিধা বন্ধ হয়ে গেছে। ফলে ১৪-১৫ জন চাষি বিপাকে পড়েছেন। এ ঘটনায় ওই তিনজনের বিরুদ্ধে ফজর আলী প্রধান নামের এক ব্যক্তি প্রকল্পের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন। তা ছাড়া এ ঘটনায় তিনি গত ৩১ জানুয়ারি চাঁদপুর বিচারিক হাকিমের আদালতেও আওয়ামী লীগের ওই তিন কর্মীর বিরুদ্ধে মামলা করেন।
ইলিয়াছ তালুকদার ও শাহিন মোল্লা বলেন, খাল ভরাট করে রাস্তা নির্মাণ করায় কারও ক্ষতি হয়নি। এলাকার সবার সম্মতি নিয়েই খাল ভরাট করা হয়েছে। আশপাশের জমিগুলোতেও তেমন ফসল হয় না।
এ বিষয়ে বক্তব্য জানতে মোস্তফা মাঝির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।
সেচ প্রকল্পের দায়িত্বে থাকা চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আতাউর রহমান বলেন, ‘খাল ভরাট করার অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’