সেচপাম্প খুলে নিল সন্ত্রাসীরা বিপাকে কৃষকেরা
একটি শিল্পকারখানার মালিকের কাছে জমি বিক্রি না করায় সন্ত্রাসীরা কৃষকদের বোরো ধানের সেচপাম্প খুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সুখেরটেক গ্রামে এ ঘটনা ঘটে।
সুখেরটেক গ্রামের কৃষক বিল্লাল হোসেন বলেন, ‘পার্শ্ববর্তী বন্দর উপজেলার মদনপুরের একটি শিল্পকারখানার মালিকের কাছে জমি বিক্রি না করায় স্থানীয় সন্ত্রাসীরা শুক্রবার রাতে ও গতকাল সকালে আমার মালিকানাধীন একটি ডিজেলচালিত সেচকাজে ব্যবহৃত পাম্প খুলে নিয়ে যায়। আমি সন্ত্রাসীদের বাধা দেওয়ায় তারা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এ ছাড়া সন্ত্রাসীরা সেচপাম্পের ঘরও ভাঙচুর করে লুট করে নিয়ে যায়।’ তিনি বলেন, এ ঘটনায় শুক্রবার রাতে তিনি ওই কারখানার মালিক সুরুজ মিয়া, তাঁর সহযোগী রমিজ উদ্দিন, সালাউদ্দিন, নুর আলম, জয়নাল আবেদীন ও নবী হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বিল্লাল হোসেন বলেন, সেচপাম্প লুট হওয়ায় সুখেরটেক গ্রামের ৪৫ জন কৃষকের জমিতে তিনি পানি সরবরাহ করতে পারছেন না। ফলে ইতিমধ্যে বপন করা ২৫ বিঘা বোরোর চারা আগামী এক সপ্তাহের মধ্যে পানির অভাবে শুকিয়ে মারা যাবে। আর ধান উৎপাদন করতে না পারলে অনেক কৃষক নিঃস্ব হয়ে যাবেন।
সুখেরটেক গ্রামের কৃষক মজিবুর রহমান, আরাফাত আলী ও সালাউদ্দিন বলেন, কম মূল্যে জমি বিক্রি করতে রাজি না হওয়ায় শিল্পকারখানার মালিকের পক্ষ নিয়ে সন্ত্রাসীরা তাঁদের পেটে লাথি মেরেছে। তাঁরা জান দেবেন, তবু জমি দেবেন না।
রমিজ উদ্দিন ও সালাউদ্দিন বলেন, তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত নন। কারখানা ন্যায্যমূল্যে জমি কিনতে চায়।
উপজেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ বলেন, ‘কৃষকদের সেচকাজের পাম্প অবশ্যই আবার চালুর ব্যবস্থা করা হবে।’
সোনারগাঁ থানার এসআই আল-আমিন তালুকদার বলেন, কৃষকদের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে।