সেচপাম্প নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার বিহিগ্রাম গ্রামে বোরো খেতে স্থাপন করা অগভীর নলকূপ নিয়ে বিরোধের জের ধরে গতকাল শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
সংঘর্ষে আহত মোজাফ্ফর হোসেন, সিরাজুল ইসলাম, জিয়াউর রহমান, রাবেয়া বেগম, মোজাম হোসেনসহ ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং এমদাদুল হক ও জাহাঙ্গীর আলমকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, বিহিগ্রামের শুকবর আলী ওই গ্রামের মাঠে প্রায় ৩২ বছর ধরে অগভীর নলকূপ স্থাপন করে বোরো খেতে সেচ দিয়ে আসছেন। সম্প্রতি ওই নলকূপে প্রয়োজনীয় পানি না ওঠায় সেখানে সাবমারসিবল ওয়াটারপাম্প বসিয়ে সেচের ব্যবস্থা করা হয়।
এদিকে অগভীর নলকূপের কাছেই গভীর থেকে পানি ওঠাতে সক্ষম সাবমারসিবল পাম্প স্থাপন নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এলাকার লক্ষ্মীকুল গ্রামের আশরাফ আলীসহ অন্যরা সেটি অপসারণ করার দাবি জানাতে থাকেন। এ নিয়ে বিরোধসহ মামলায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। এরই জের ধরে গতকাল সকালে উভয় পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হন।