সেচপাম্প লুট, বোরো নিয়ে বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সুখেরটেক গ্রাম থেকে সন্ত্রাসীদের খুলে নেওয়া সেচপাম্পটি ১২দিনেও উদ্ধার হয়নি। গতকাল বুধবার পর্যন্ত পাম্পটি বন্ধ থাকায় সেচের অভাবে বোরোর চারা শুকিয়ে যাচ্ছে। এতে বিপাকে পড়েছেন গ্রামের অন্তত ৪৫ জন কৃষক।
সুখেরটেক গ্রামের কৃষক বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, একটি শিল্পকারখানার মালিকের কাছে কৃষকেরা জমি বিক্রি করতে রাজি হননি। এর জেরে গত ২৭ ফেব্রুয়ারি রাতে ওই শিল্পকারখানার পক্ষ নিয়ে সন্ত্রাসীরা তাঁর মালিকানাধীন একটি ডিজেলচালিত সেচপাম্প খুলে নেয়। এ ছাড়া সেচপাম্পের ঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওই রাতেই তিনি কারখানার মালিক সুরুজ মিয়া, তাঁর সহযোগী রমিজ উদ্দিন, সালাউদ্দিন, নুর আলম, জয়নাল আবেদীন ও নবী হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু অভিযোগটি মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়নি।
কৃষক বিল্লাল হোসেন আরও বলেন, প্রতিকার না পেয়ে ২৯ ফেব্রুয়ারি পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তাকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছিলেন।
সুখেরটেক গ্রামের কৃষক আরাফাত আলী ও মজিবুর রহমান বলেন, সেচপাম্পটি বন্ধ থাকায় তাঁদের গ্রামের ৪৫ জন কৃষকের ২৫ বিঘা বোরোর চারা পানির অভাবে শুকিয়ে মরে যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি ইউএনওকে জানিয়েছি। এ ছাড়া আমাদের প্রশাসনিকভাবে আর কিছু করার নেই। বিষয়টি ফৌজদারি অপরাধ হওয়ায় পুলিশকেই ব্যবস্থা নিতে হবে।’
গত সোমবার বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে জানতে চাইলে ইউএনও আবু নাছের ভূঞা বলেন, ‘পাম্পটি চালু করার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলাম। আবারও খোঁজখবর নেওয়া হবে।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরে মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ২৮ ফেব্রুয়ারি ‘সেচপাম্প খুলে নিল সন্ত্রাসীরা, বিপাকে কৃষকেরা’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।