সেচের জন্য অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার পল্লী বিদ্যুতের আওতাভুক্ত সেচপাম্পগুলোর বিদ্যুৎ বিলের ওপর ২০ শতাংশ ভর্তুকি দিচ্ছে। এই ভর্তুকি-সুবিধা পাওয়ার কথা কৃষকদের। কারণ, সেচের খরচ কমানোর জন্য এই উদ্যোগ নিয়েছে সরকার।
কিন্তু রংপুরের তারাগঞ্জে কৃষকদের বদলে এই সুবিধা পাচ্ছেন সেচপাম্পের মালিকেরা। উপরন্তু তাঁরা নানা অজুহাতে কৃষকদের কাছ থেকে সেচের জন্য অতিরিক্ত টাকা নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রংপুর-২ পাগলাপীর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলার বিদ্যুৎ-চালিত সেচপাম্প আছে ৭৮০টি। উপজেলা কৃষি বিভাগ জানায়, এসব সেচপাম্পের মাধ্যমে সেচসুবিধা নিয়ে কৃষকেরা চলতি বছর ৮ হাজার ৯১০ হেক্টর জমিতে বোরো চাষ করেছেন।
খিয়ারডাঙ্গা গ্রামের কৃষক আরশেদ আলী জানান, তাঁর এলাকার সেচপাম্পের মালিক আজিজার রহমান গত বছর একরপ্রতি সেচের খরচ ৫ হাজার ৫০০ টাকা নিয়েছেন। এ বছর সাত হাজার টাকা দাবি করেছেন।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর সেচপাম্পের মালিকেরা বেশি টাকা চাইছেন। এলাকাভেদে এই বৃদ্ধি একরে দেড় থেকে দুই হাজার টাকা।
অনন্তপুর গ্রামের কৃষক মহব্বত আলী বলেন, ‘আগোত টাকা না দিলে পাম্পের মালিকেরা ভুঁইত (জমি) পানি দেয় না। সরকার যে ভতুর্কি দেয়, তাক হামরা জানি না। হামাক কায়ো কয়ো নাই।’
হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, ‘আমার ইউনিয়নের কয়েকজন সেচপাম্পের মালিককে বিদ্যুৎ বিলের ভতুর্কির টাকা কৃষকদের ছাড় দিতে বলেছিলাম। কিন্তু তাঁরা আমার কথা শোনেননি।’
আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ‘ভতুর্কির পুরো সুবিধা পাচ্ছেন সেচপাম্পের মালিকেরা। সরকারের নীতিমালা না থাকায় বঞ্চিত হচ্ছে সাধারণ কৃষক।’
সেচের খরচ বৃদ্ধির কারণ জানতে চাইলে দোলাপাড়া গ্রামের সেচপাম্পের মালিক সাইদুর ইসলাম জানান, বিদ্যুতের দাম বেড়েছে। তা ছাড়া বৃষ্টি না হওয়ায় বেশি সেচ দিতে হচ্ছে।
উপজেলা কৃষি কমকর্তা রেজাউল করিম বলেন, এক একর জমিতে সেচ দিতে এলাকাভেদে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৮০০ টাকার বেশি খরচ হওয়ার কথা না। বৃষ্টি হলে খরচ আরও কমবে।
ফকিরপাড়া গ্রামের সেচপাম্পের মালিক জাহিদুর রহমান দাবি করেন, ভতুর্কি দিলেও সেচে এখন খরচ অনেক বেশি। তা ছাড়া বাকিতে সেচ দিতে হয়। বাকি টাকা তুলতে অনেক হয়রানি হতে হয়। তাই ভতুর্কির টাকা কৃষকদের দেওয়া হয় না।
পাগলাপীর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মোকছেদুল ইসলাম বলেন, বিদ্যুৎ বিলের ওপর শতকরা ২০ টাকা ভতুর্কি সেচপাম্পের মালিকেরা পাচ্ছেন। সাধারণ কৃষকের তাঁদের কাছ থেকে ভর্তুকির টাকা আদায় করে নেওয়া উচিত।