সেচের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ
দিনাজপুরের ঘোড়াঘাটে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনসহ (বিএডিসি) গভীর নলকূপের মালিকদের বিরুদ্ধে কৃষকদের কাছ থেকে সেচ কমিটির নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত অর্থ দিতে না পারায় অনেক এলাকার কৃষকেরা জমিতে চাষ দিতে পারছেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. এখলাস হোসেন সরকার বলেন, এ বছর ৯ হাজার ৬০০ হেক্টর জমিতে ইরি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলায় মোট গভীর নলকূপ রয়েছে ২৩২টি। এর মধ্যে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালিত ৬৩টি ও বিএডিসি পরিচালিত ১০টি। বাকি ১৫৯টি ব্যক্তিমালিকানাধীন।
উপজেলা সেচ কমিটি সূত্রে জানা গেছে, ৩ জানুয়ারি সেচ কমিটির সভায় এ বছর বিদ্যুৎ ও ডিজেলচালিত উভয় ধরনের গভীর নলকূপের ক্ষেত্রে একরপ্রতি উঁচু জমির জন্য ৪ হাজার ও নিচু জমির জন্য সাড়ে ৩ হাজার টাকা সেচ খরচ নির্ধারণ করা হয়। উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে বুলাকিপুর ও ঘোড়াঘাট ইউনিয়নকে উঁচু এবং সিংড়া ও পালশা ইউনিয়নকে নিচু এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। সেচ কমিটির নির্ধারিত মূল্যে গভীর নলকূপ মালিকদের জানানোসহ এলাকায় মাইকিং করা হয়েছে।
ওই চারটি ইউনিয়ন ঘুরে অনেক কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, বরেন্দ্র, বিএডিসির অপারেটর ও ব্যক্তিমালিকানায় পরিচালিত গভীর নলকূপের মালিকেরা সব জমিতেই একরপ্রতি ৬ হাজার করে টাকা আদায় করছেন। এ ছাড়া বিঘাপ্রতি ৫০০ ও একরপ্রতি ১ হাজার টাকা অগ্রিম না দিলে তাঁরা কোনো সেচ দিচ্ছেন না।
লালমাটি পূর্বপাড়া এলাকার কৃষক শাহাবুল, মোতালেব, আনারুল, সোলায়মানসহ ২০-২৫ জন কৃষক অভিযোগ করে বলেন, ওই গ্রামের বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের পরিচালিত গভীর নলকূপের অপারেটর জোব্বার মিয়া কৃষকদের কাছ থেকে বিঘাপ্রতি ২ হাজার করে টাকা দাবি করেন। কৃষকেরা উপজেলা সেচ কমিটির নির্ধারিত রেট অনুযায়ী টাকা দিতে চাইলে জোব্বার তা নিতে অস্বীকার করে সেচের পানি দেওয়া বন্ধ রেখেছেন। এতে প্রায় ১০০ বিঘা জমিতে এখনো সেচ দিতে পারেননি কৃষকেরা।
রঘুনাথপুর এলাকার কৃষক মনোয়ার হোসেন, সাইফুল ইসলাম; ভেলাইন গ্রামের আবদুল মালেক; রামেশ্বপুর গ্রামের কৃষক গোফ্ফার প্রধানসহ কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, তাঁদের এলাকার গভীর নলকূপের মালিকেরাও একরপ্রতি ৬ হাজার করে টাকা আদায় করছেন। সেই সঙ্গে অগ্রিম ১ হাজার টাকা নিচ্ছেন।
ওই এলাকার ব্যক্তিমালিকানাধীন গভীর নলকূপের মালিক সিরাজুল ইসলামও একই মূল্যে সেচ চার্জ আদায় করছেন বলে অভিযোগ করেন কয়েকজন কৃষক। সিরাজুল ইসলাম বলেন, সেচ কমিটির নির্ধারিত মূল্য তাঁকে কেউ জানাননি। অপারেটর জোব্বার মিয়া অতিরিক্ত সেচ চার্জ নেওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘সবাই নেছে, হারাও নেছি।’
জানতে চাইলে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ঘোড়াঘাট ইউনিটের সেকশন অফিসার বিদ্যুৎ কুমার রায় বলেন, এ ঘটনায় একজন অপারেটর পরিবর্তন করা হয়েছে। আরও যাঁদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাঁদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শামীম চৌধুরী বলেন, সবার মতামতের ভিত্তিতে সেচ চার্জ নির্ধারণ করা হয়েছে। কৃষকদের কাছ থেকে কেউ অর্থ বেশি নিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।