সেচের জন্য বেশি টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বোরো ধান চাষে কৃষকদের কাছ থেকে সেচের জন্য সেচযন্ত্রের মালিকেরা অতিরিক্ত টাকা নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতি বিঘা জমিতে সেচ দিয়ে তাঁরা এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন। অতিরিক্ত টাকা নেওয়ায় বোরো চাষ করে লোকসান হবে বলে কৃষকেরা আশঙ্কা প্রকাশ করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলায় একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ৪০টি ব্লক রয়েছে। এসব ব্লকের অধীনে এ বছর ২৩ হাজার ৪৬৫ একর জমিতে ৪৩ হাজার কৃষক বোরো ধান চাষ করছেন। বোরো ধান চাষে নদী থেকে ডিজেল ব্যবহার করে ১৮০টি পাম্প ও বিদ্যুৎ ব্যবহার করে ৯৩টি পাম্প দিয়ে সেচকাজ করা হয়। অপর দিকে মাটির নিচ থেকে ডিজেল ব্যবহার করে ১ হাজার ৩৬৫টি পাম্প এবং বিদ্যুৎ ব্যবহার করে ১২৪টি পাম্প ব্যবহার করে সেচ দেওয়া হয়। মাটির নিচ থেকে ডিজেল ব্যবহার করে প্রতি শতাংশে ৬০ ও বিদ্যুৎ ব্যবহার করে প্রতি শতাংশে সেচ খরচ ৪৮ টাকা করে ফি নেওয়ার কথা। অপর দিকে নদী থেকে প্রতি শতাংশে সেচ দিতে ডিজেল ব্যবহার করে ৫০ ও বিদ্যুৎ ব্যবহার করে ৪০ টাকা হারে টাকা নেওয়ার কথা। কিন্তু সেচযন্ত্রের মালিকেরা শতাংশপ্রতি অতিরিক্ত ৫০ থেকে ৬০ টাকা করে নিচ্ছেন।
উজানচর ইউপির চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান বলেন, উপজেলার বিভিন্ন অঞ্চলে বোরো ধানচাষিদের কাছ থেকে সেচের জন্য বিঘাপ্রতি (৩০ শতাংশ) ৩ হাজার পর্যন্ত টাকা আদায় করছেন ব্লক মালিকেরা। এতে কৃষকদের উৎপাদন খরচ অনেক গুণ বেড়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, ‘বেশি টাকা আদায়ের ফলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা পুরো উপজেলার সেচ স্কিমের মালিকদের তালিকা প্রস্তুত করছি এবং একটা হার নির্ধারণ করে দিয়েছি। এটা বাস্তবায়নের জন্য ইউপি চেয়ারম্যানসহ সবার সহযোগিতা লাগবে।’
মানিকপুর সেচ ব্লক মালিক তারা মিয়া বলেন, ‘স্কিম চালাইতে অনেক বেশি খরচ পড়ে। স্কিমের একজন লাইনম্যানকে ৪৫ হাজার টাকা দিতে হয় আর জমিতে বালু থাকায় পানিও বেশি নিতে হয় বইলা প্রতি কানিতে (বিঘা) ৩ হাজার কইরা টেকা নিতে হয়। শুধু মানিকপুরে না, কার্পাসকান্দি, মায়ারামপুর, কল্যাণপুরেও কানিতে ৩ হাজার কইরা টেকা নেয়।’
মানিকপুর গ্রামের কয়েকজন কৃষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সার, শ্রমিকের খরচ দিয়ে বোরো ধান চাষ করে কোনো লাভই হচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান বলেন, ‘উপজেলার কোন কোন স্কিমে সেচযন্ত্রের মালিকেরা কী পরিমাণ টাকা নিচ্ছেন, তার তালিকা করা হচ্ছে। আমরা মিটিং করে সেচের ফি নির্ধারণ করেছি। ওই ফির তালিকা প্রতিটি ইউপি চেয়ারম্যানকে চিঠি আকারে দেওয়া হবে বাস্তবায়নের জন্য।’