ঘুষ নেওয়ার সময় বাগেরহাটের চিতলমারী উপজেলার সেটেলমেন্ট কর্মকর্তাসহ দুজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার নগরের নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার করা দুজন হলেন কর্মকর্তা শফিউল আলম ও তাঁর অফিস সহায়ক (চেইনম্যান) দোস্ত মো. বুলবুল।
এ ব্যাপারে দুদকের খুলনা কার্যালয়ের সহকারী পরিদর্শক শ্যামল কুমার প্রথম আলোকে বলেন, তালা উপজেলার একখণ্ড জমি নিয়ে সেখানকার সেটেলমেন্ট কার্যালয়ে মামলা চলছিল। শফিউল আলমকে এর দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি মামলার রায় ওই ব্যক্তির পক্ষে করিয়ে দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকা দাবি করেন। ঘটনার সময় ওই ব্যক্তি শফিউলকে ২০ হাজার টাকা দেন। পরে টাকাসহ শফিউল ও তাঁর সহকারীকে আটক করা হয়। পরে শফিউলের কাছ থেকে মোট ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়। এ টাকা বিভিন্ন মানুষের কাছ থেকে ঘুষ বাবদ নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, যে ব্যক্তির কাছে ঘুষ চাওয়া হয়েছিল, ওই ব্যক্তি বিষয়টি দুদককে অবহিত করেন। এরপর ঘুষ দেওয়ার সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের নগরের সোনাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।
অভিযানে দুদক খুলনা কার্যালয়ের পরিচালক আবুল হাসান, সহপরিচালক মাহতাব উদ্দীন, উপ-সহপরিচালক মোশারফ হোসেন, সহকারী পরিদর্শক শ্যামল কুমার, উপপরিদর্শক মো. মনিরুজ্জামান প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন।