সেটেলমেন্ট কার্যালয়ে সংঘর্ষ
সাতক্ষীরার তালা উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের এক সাবেক নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এর জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় এক ঘণ্টা কার্যালয়টির কার্যক্রম বন্ধ থাকে।
মারধরের শিকার ওই সাবেক নেতার নাম মো. মোসলেম উদ্দীন মোড়ল। বাড়ি উপজেলার আলাদীপুর গ্রামে। তিনি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
আলাদীপুর গ্রামের মনিরুজ্জামান মোড়ল নামের এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, তাঁর কাছ থেকে দলিল ছিনিয়ে নিয়েছিলেন মোসলেম। দলিল ফেরত চাওয়ায় তিনি তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে স্থানীয় জনতা মোসলেমকে পিটুনি দেয়। তিনি অভিযোগ করেন, মোসলেম সেটেলমেন্ট অফিসের কাজ করে দেওয়ার নামে মানুষকে হয়রানি করেন।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, পিটুনির শিকার হয়ে মুঠোফোনে ২০-২৫ জনকে ডেকে আনেন মোসলেম। এরপর আরেক দফা সংঘর্ষে রূপ নেয়। কার্যালয়ের চত্বরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
তবে অভিযোগ অস্বীকার করে মোসলেম বলেন, একটি মহল ষড়যন্ত্র করে তাঁকে মারধর করেছে।
সেটেলমেন্ট কার্যালয়ের সহকারী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, জরুরি কাগজপত্র নষ্ট হওয়ার আশঙ্কায় কার্যালয়টির কার্যক্রম গতকাল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বন্ধ রাখা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।