সেতু ও কালভার্ট নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাইমচর উপজেলায় ১০টি সেতু ও কালভার্টের দরপত্রে অনিয়মের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে ফেরত গেছে ২ কোটি ৫৫ লাখ ৬৭ হাজার ৫২৯ টাকা।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন হাইমচরের মেসার্স সুলতানা ট্রেডার্সের মালিক আবু তালেব জমাদার, খালেদ বিল্ডার্সের এম এ জাব্বারসহ তিন ঠিকাদার। অভিযোগে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গত ২১ নভেম্বর চাঁদপুরের হাইমচরে ১০টি সেতু ও কালভার্ট নির্মাণের জন্য ২ কোটি ৫৫ লাখ ৬৭ হাজার ৫২৯ টাকা বরাদ্দ দেয়। কিন্তু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় বিষয়টি গোপন রাখে। গত বুধবার বিকেলে শেষ দিনে তড়িঘড়ি করে দরপত্রের শিডিউল বিক্রি ও দরপত্র প্রক্রিয়া সম্পন্নের চেষ্টা করা হয়। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এতে স্বাক্ষর না করে তা পিআইও কার্যালয়ে ফেরত পাঠান। এর ফলে বরাদ্দকৃত ওই টাকা আর ফেরত আসবে না। যাঁর বা যাঁদের গাফিলতিতে এ টাকা ফেরত গেল, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক।
অনিয়মের অভিযোগ অস্বীকার করে হাইমচরের পিআইও মো. আমিনুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা ওই কাজের বিষয়ে গত বুধবারই মন্ত্রণালয়ের চিঠি পাই। তাই ওই দিনই দরপত্র প্রক্রিয়া সম্পন্নের চেষ্টা করা হয়।’
হাইমচরের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান বলেন, ‘টাকা বরাদ্দের এক মাস সাত দিন পর দরপত্র বিক্রির শেষ দিনে তড়িঘড়ি করে ১০টি সেতু ও কালভার্টের দরপত্রের কাজ সম্পন্নের জন্য হাইমচরের পিআইও কর্মকর্তা আমার কাছে এসেছিলেন। তা আমি ফেরত দিতে বাধ্য হই। এর ফলে হাইমচরে এই অর্থবছরে এসব সেতু ও কালভার্টের কাজ আর হচ্ছে না। পুরো টাকাটা ফেরত যাচ্ছে। তবে পরের অর্থবছরে এসব কাজ সংযুক্ত হলে তা করা সম্ভব হবে।’