সেতু ও বিদ্যুতের টাওয়ারের পাশ থেকে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেতু ও বিদ্যুতের টাওয়ারের পাশ থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে সেতু ও বিদ্যুতের টাওয়ার ঝুঁকির মধ্যে পড়েছে। ছবিটি গত বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া নদী থেকে তোলা l প্রথম আলো
সেতু ও বিদ্যুতের টাওয়ারের পাশ থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে সেতু ও বিদ্যুতের টাওয়ার ঝুঁকির মধ্যে পড়েছে। ছবিটি গত বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া নদী থেকে তোলা l প্রথম আলো

ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া নদীতে দুটি খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে বেইলি সেতু ও বিদ্যুতের টাওয়ারের পাশ থেকে তোলা হচ্ছে বালু। এতে বেইলি সেতু ও বিদ্যুতের টাওয়ার ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. বাবলুর রহমান খননযন্ত্র দিয়ে ওই বালু তুলে জমি ভরাট করছেন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ নম্বর ধারার খ উপধারায় উল্লেখ করা হয়েছে, সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা হলে বা আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন এক কিলোমিটার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সীমানার মধ্য থেকে বালু তোলা যাবে না। ঘ উপধারায় বলা আছে, ড্রেজিংয়ের ফলে কোনো স্থানে স্থাপিত গ্যাস, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন লাইন বা অন্য কোনো গুরুত্বপূর্ণ লাইন বা পাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলে খননযন্ত্র দিয়ে বালু তোলা নিষিদ্ধ।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানের ওই বেইলি সেতুর ৫০ মিটার ও বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের ১০ মিটারের মধ্য থেকে সেনুয়া নদীর ওপর শ্যালো ইঞ্জিনচালিত দুটি খননযন্ত্র দিয়ে বালু তুলে জমি ভরাটের কাজ করছেন ছয়-সাতজন শ্রমিক। এ সময় মাটি খননকাজের শ্রমিক মোতালেব হোসেন বলেন, বাবলুর রহমান তাঁদের মালিকের সঙ্গে নদী থেকে বালু তোলার জন্য চুক্তি করেছেন। সাত দিন ধরে বালু তোলা হচ্ছে। জমিটি ভরাট হতে আরও ১৫ থেকে ২০ দিন লাগতে পারে।
বরুণাগাঁও গ্রামের বাসিন্দা মকবুল হোসেন বলেন, বেইলি সেতুটি এমনিতেই ঝুঁকিপূর্ণ। এখন সেতুর ওপর একটি মোটরসাইকেল উঠলেই তা কেঁপে ওঠে। এমন ঝুঁকিপূর্ণ সেতুর পাশ থেকে বালু তোলায় তা আরও ঝুঁকিতে পড়বে। সেনুয়াপাড়ার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, কিছুদিন ধরে বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার-ঘেঁষা নদী থেকে বালু তোলা হচ্ছে। এভাবে বালু তোলায় বিদ্যুতের টাওয়ারটি ধসে পড়তে পারে।
এ ব্যাপারে বাবলুর রহমান জানান, একটি পাটকল স্থাপনের জন্য জমি প্রস্তুত করতে তিনি নদী থেকে বালু তুলছেন। যে জায়গা থেকে তিনি বালু তুলছেন, সেটা তাঁর জমি। নদী থেকে বালু তুলতে তিনি পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছেন।
ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, সেনুয়া নদী থেকে বালু তোলার জন্য কেউ অনুমতি নেননি। কোনো স্থাপনার ১০০ মিটারের মধ্যে খননযন্ত্র দিয়ে বালু তোলার জন্য অনুমতি দেওয়ার সুযোগ নেই। বিষয়টি যাচাই করে পদক্ষেপ নেওয়া হবে।
রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নাজমুল হাবিব রেজা বলেন, বাবলুর রহমান নদী থেকে বালু তোলার জন্য আবেদন করলেও জেলা প্রশাসন অনুমতি দেয়নি। অনুমতি না পেয়েও নদী থেকে বালু তোলার বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করে পদক্ষেপ নেবেন বলে তিনি জানান।