সেতু গায়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেতুটি এখানেই ছিল
সেতুটি এখানেই ছিল

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ফুলুয়ারচর এলাকায় সোনাভরি নদীর ওপর একটি সেতু রাতারাতি গায়েব হয়ে গেছে। স্থানীয় লোকজন ও প্রশাসনের ধারণা, সেতুটি পানির প্রবল স্রোতে উল্টে গিয়ে ভেসে গেছে বা দেবে গেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

গত শনিবার কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ রুহুল আমিন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন ও রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শংকর কুমার বিশ্বাস এলাকাটি পরিদর্শন করেন। কিন্তু তখন পর্যন্ত সেতুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন বলেন, রৌমারীর বন্দর ইউনিয়নের সোনাভরি নদীর ওপর ২০০৪ সালে সেতুটি নির্মাণ করা হয়। এটি দিয়ে প্রতিদিন রৌমারী থেকে কুড়িগ্রামগামী লোকজন যাতায়াত করে। গত তিন সপ্তাহের টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যার পানির প্রবল স্রোতে সেতুটি উল্টে যায়। এরপর বৃহস্পতিবার থেকে সেটি দেখা যাচ্ছে না।

ফুলুয়ারচর গ্রামের আবদুল কাসেম (৭০) ও আবদুল জলিল (৫০) বলেন, বন্যা শুরুর আগে সেতুটির কাছে কিছু লোক খননযন্ত্র (ড্রেজার) দিয়ে বালু তুলে বিক্রি করেন। এতে ওই স্থানে গভীর গর্তের সৃষ্টি হয়। এ কারণেই হয়তো বন্যার প্রবল স্রোতে সেতুটি উল্টে ওই গর্তে দেবে গেছে। সেতুটির ওপর দিয়ে রৌমারী থেকে কুড়িগ্রামে মালামাল পরিবহন করত এলাকাবাসী।

ভারপ্রাপ্ত ইউএনও শংকর কুমার বিশ্বাস বলেন, সেতুটি রক্ষার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু পানির স্রোতের চাপ বেশি হওয়ায় সেটি উল্টে যায়। পানি কমলেই বোঝা যাবে, সেতুটি কোথায় আছে।