সেতু নির্মাণে ধীরগতি, ভোগান্তিতে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাণীনগরে ছোট যমুনা নদীর ওপর নির্মাণাধীন বেতগাড়ী–পাগ​লীর মোড় সেতু। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
রাণীনগরে ছোট যমুনা নদীর ওপর নির্মাণাধীন বেতগাড়ী–পাগ​লীর মোড় সেতু। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

নওগাঁর রানীনগরে ছোট যমুনা নদীর ওপর বেতগাড়ী-পাগলীর মোড় সেতুর নির্মাণকাজ গত দুই বছরেও শেষ হয়নি। এতে ভোগান্তিতে আছে রানীনগরসহ আত্রাই, মান্দা, বাগমারার বাসিন্দারা। সেতুটি হলে রানীনগরের সঙ্গে বিভাগীয় শহর রাজশাহীর সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। উপকার হবে কয়েক উপজেলার প্রায় ছয় লাখ মানুষের।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে আট কিলোমিটার পশ্চিমে রানীনগরের বেতগাড়ী-পাগলীর মোড় নামক স্থানে এলাকাবাসী একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিল। এ অবস্থায় নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম ওই স্থানে একটি সেতু নির্মাণের ঘোষণা দেন। এ পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৪ কোটি ৯৬ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে ১১৫ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ২০১৩ সালের ২০ ডিসেম্বর দরপত্র আহ্বান করে। ঠিকাদারি প্রতিষ্ঠান নওগাঁর এএস-এসআরআই জেভি নামের প্রতিষ্ঠান সেতুটির নির্মাণকাজ পায়। নওগাঁর নির্বাহী প্রকৌশলী ওই প্রতিষ্ঠানকে ২০১৫ সালের ২১ এপ্রিল কাজ সম্পন্নের নির্দেশ দিয়ে কার্যাদেশ দেন। সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু নির্মাণকাজের শুরুতেই সেতুর পূর্ব পাড়ে জমিসংক্রান্ত জটিলতায় নির্মাণকারী প্রতিষ্ঠানকে কাজ করতে বাধা দেন স্থানীয় এক জমির মালিক। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়াই। এসব জটিলতায় সেতুর নির্মাণকাজ ব্যাহত হয়। ফলে নির্ধারিত সময়ে আর সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হয়নি।

রানীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আরিফ বলেন, সেতুটির নির্মাণকাজ সম্পন্ন না হওয়ায় এলাকাবাসীকে নৌকার ওপরই ভরসা করতে হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব সেতুটির নির্মাণকাজ শেষ করে সেটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান তিনি।

রানীনগর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান মিঞা বলেন, সেতুটির নির্মাণকাজের প্রায় ৯০ শতাংশ শেষ হয়ে গেছে। দুই পাশের সংযোগ সড়কের কাজ শেষ না হওয়ায় সেতুটি উদ্বোধন করা সম্ভব হচ্ছে না। তবে অচিরেই সমস্যার সমাধান হবে এবং সেতুর কাজ শেষ করে সেটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন প্রকৌশলী।