সেতু হুমকিতে ফেলে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি আইনে সেতু এলাকার কাছ থেকে বালু তোলা নিষিদ্ধ। কিন্তু এই আইন লঙ্ঘন করে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী সেতুর কাছ থেকে অবৈধভাবে বালু তোলা অব্যাহত রয়েছে। এভাবে বালু তোলায় সেতুসহ ওই এলাকার আবাদি জমি হুমকির মুখে পড়েছে।
স্থানীয় কয়েকজন জানান, কিশোরগঞ্জ উপজেলা সদর থেকে তারাগঞ্জ উপজেলা সদর হয়ে ১০ কিলোমিটার দীর্ঘ একটি পাকা সড়ক রংপুর-দিনাজপুর মহাসড়কে গিয়ে মিলেছে। সড়কটির বাহাগিলী গ্রামের কাছে যমুনেশ্বরী নদীর ওপর ১৯৯০ সালে ৮০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হয়। সৈয়দপুরের পানি উন্নয়ন বোর্ড এটি নির্মাণ করে। সেতুর ওপর দিয়ে কিশোরগঞ্জ উপজেলার লোকজন ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ নম্বর ধারার খ-উপধারায় উল্লেখ করা হয়েছে, সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, সড়ক, মহাসড়ক, বাঁধ, বন, রেললাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা হলে, অথবা আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্য থেকে বালু তোলা যাবে না। কিন্তু এই আইনের প্রতি বুড়ো আঙুল দেখিয়ে কিশোরগঞ্জের বাহাগিলী সেতুর কাছ থেকে স্থানীয় একটি চক্র বালু তুলে নিয়ে যাচ্ছে।
এলাকাবাসী অভিযোগ করেন, ওই সেতুটির নিচ থেকে প্রতিদিন ৩০-৩৫টি ট্রলিতে বালু বোঝাই করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। বালু তোলার জন্য স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি। প্রতি ট্রলি বালু ৯০০-১০০০ টাকায় বিক্রি করা হয়।
গত ১ মার্চ দুপুরে সেতুর নিচ থেকে বালু তোলার ছবি তুলতে দেখে এগিয়ে আসেন সেতুর পাশের বাহাগিলী গ্রামের কৃষক এনামুল হক। তিনি এই প্রতিনিধিকে বলেন, ‘দেড় বছর আগোত এটেকার (সেতুর নিচ থেকে) বালু তোলার কথা পেপারোত দিছলো। ইউএনও স্যার পেপারোত দেখি আসি দুইখান ট্রলি সেতুর গোড়া থাকি ধরি নিগি ফাইন (জরিমানা) করছিল। তখন কিছুদিন বালু তোলা বন্ধ আছলো। এক বছর থাকি ফির বালু তোলায় হামার জমি নদীত ভাঙ্গি যাওছে, পুল-কোনারও ক্ষতি হওছে। তাও কায়ো বালু তোলা বন্ধ করোছে না।’
সরেজমিনে দেখা যায়, সেতুর নিচে পিলারের কাছে থেকে দুটি ট্রলিতে বালু বোঝাই করছেন আটজন শ্রমিক। সেতুর আশপাশে আরও ছয়টি ট্রলিতে বালু বোঝাই করা হচ্ছে। সেতুর কাছ থেকে বালু তুলছেন কেন—জানতে চাইলে তারাগঞ্জের অনন্তপুর গ্রামের ট্রলিচালক সাদ্দাম হোসেন বলেন, ‘হামরা অশিক্ষিত মানুষ। আইনকানুন বুঝি না। এইটে থাকি তো বালু তুলতে হামাক কায়ো কোনো দিন বাদা করে নাই।’
জগদীশপুর গ্রামের ট্রলিচালক রিপন মিয়া বলেন, ‘টাকা না দিলে বাহাগিলী গ্রামের যুগোল রায় ও নিন্দালু মিয়া এটে থাকি বালু তোলবার বাধা করে। এই জন্যে হামার প্রত্যেক ট্রলি ১০০ টাকা করি ওমার (তাদের) দিয়া এটে থাকি বালু তুলি নিগি বেচাইছি।’
যুগোল রায় বলেন, ‘মুই যে ট্রলিয়ালারটে টাকা নেও তোমাক কায় কইছে? যায় কইছে তারটে কি টাকা নেওয়ার প্রমাণ আছে?’ নিন্দালু মিয়া বলেন, ‘ট্রলিয়ালার কথা মিথ্যা। মোর নামের কথা কয়া অন্য মানুষ হয়তো ওমারটে (তাদের কাছ থেকে) টাকা নেয়।’
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্দিকুর রহমান বলেন, ‘এ ধরনের অভিযোগ পাইনি। বালু উত্তোলনকারীদের ধরতে শিগগির ওই স্থানে পুলিশ নিয়ে অভিযান চালাব।’
পানি উন্নয়ন বোর্ডের সৈয়দপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুর শহিদ বলেন, ‘বিষয়টি জানা ছিল না। এখন জানলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’