সেতু হুমকিতে ফেলে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে নিমগাছি বেড়েরবাড়ি এলাকায় বাঙ্গালী নদীর সেতুর নিচ থেকে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে বালু তুলছেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। এ কারণে সেতু ও আশপাশের বসতবাড়ি ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে কয়েকবার নিষেধ করলেও তিনি তা মানছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় চার বছর আগে নিমগাছি ও বেড়েরবাড়ির গ্রামের নিকট প্রায় আট কোটি টাকা ব্যয়ে বাঙ্গালী নদীর ওপর ২৮৬ মিটার দীর্ঘ একটি পাকা সেতু নির্মাণ করে। সেতুর দুই পাশে বেড়েরবাড়ি মৌজার প্রায় ছয় একর সরকারি বালুমহাল রয়েছে। রাজস্ব আয়ের লক্ষ্যে প্রতিবছর এ বালুমহাল ইজারা দেওয়া হয়। জেলা প্রশাসন এ বছরও প্রায় সোয়া চার লাখ টাকায় এটি বার্ষিক ইজারা দিয়েছে। বেড়েরবাড়ি গ্রামের রায়হান আলীর নামে বালুমহালটি ইজারা নিয়েছে নিমগাছি ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি সদস্য) নবাব আলী ও তাঁর ভাই বাটুল প্রামাণিক।
সেতু ধসের আশঙ্কায় উপজেলা প্রশাসন সরকারি নীতিমালা অনুযায়ী, সেতু থেকে কমপক্ষে ৫০০ মিটার দূর থেকে ইজারাদারকে বালু উত্তোলনের নির্দেশ দিয়েছে। কিন্তু ওই ইজারাদার প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে সেতুর ১০০ মিটারের মধ্য থেকে বালু উত্তোলন করছেন। এ জন্য বর্ষা মৌসুমে স্রোতে নদীর গভীরতা সৃষ্টি হয়ে সেতু ও আশপাশের বসতবাড়ি ভাঙনের কবলে পড়তে পারে।
এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে গত সপ্তাহে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছেন। এর পরও ইজারাদার নবাব আলী ও তাঁর লোকজন প্রশাসনের সেই নির্দেশ অমান্য করে সেতুর নিচ থেকে বালু তোলা অব্যাহত রেখেছেন।
নিমগাছি গ্রামের আফছার আলী বলেন, ‘সেতু নিচোত লদি (নদী) থাইকা যে হারে বালু তোলা হচ্ছে, সে হারে বালু তুললে বর্ষার সময় সেতু থাকপারলয় (থাকবে না)। সেই হিনি হামাইগরে ও বাড়িঘর থাকপারলয়। হামারা তার জন্নি দরখাস্ত করছি। কিন্তু কোনো কাম হচ্ছে না।’
বালু উত্তোলনকারী আওয়ামী লীগের সহসভাপতি নবাব আলী বলেন, ‘সেতু থেকে ৫০০ মিটার দূরে বালু উত্তোলনের নির্দেশ আছে ঠিক। কিন্তু ৫০০ মিটার দূরে বালু না থাকায় সেতুর নিচ থেকে সামান্য কয়েক দিনের জন্য অল্প কিছু বালু তোলা হয়েছে। প্রশাসন তাতে বাধা দেওয়ায় সেতু থেকে এখন অনেক দূর সরে নিয়ে যাওয়া হয়েছে। সামান্য বালু তোলায় সেতুর কোনো ক্ষতি হবে না।’
নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা বলেন, ‘সরকারি নিয়ম অমান্য করে বালু উত্তোলন করায় সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এভাবে বালু তোলার জন্য ইজারাদারকে নিষেধ করেও কোনো কাজ হয়নি। এ কারণে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।’
ধুনট উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, সেতুর নিচ থেকে বালু উত্তোলনের জন্য ইজারাদারকে নিষেধ করা হয়েছে। এ ছাড়া ইউএনওসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।
ইউএনও হাফিজুর রহমান বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মাসে বালুমহাল পরিদর্শন করে শ্যালো ইঞ্জিন সেতুর নিচ থেকে সরিয়ে দিয়ে বালু উত্তোলন বন্ধ করা হয়েছিল। এর পরও সেতুর নিচ থেকে বালু তোলার অভিযোগ পেলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।