সেতুতে নিম্নমানের কাজ, এলাকাবাসীর বিক্ষোভ
দরপত্র অনুযায়ী, ১২টি রড দিয়ে ৫ ইঞ্চি পরপর রিং বসিয়ে খাঁচা তৈরির কথা। কিন্তু রড আছে মাত্র চারটি; কোথাও মাত্র দুটি। আর রিং ব্যবহার করা হয়নি একটিও। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি সেতু নির্মাণে এমন অভিযোগ পাওয়া গেছে।
অনিয়মের অভিযোগে এলাকাবাসী গত বুধবার ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ করেন। তাঁদের চাপে রেলিং ভেঙে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারাও বিষয়টি স্বীকার করে নতুন করে সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাহে ধান্দুল গ্রামে ৩৯ ফুট লম্বা সেতুটি বানানো হচ্ছে। ধান্দুল খালের ওপর নির্মিত এ সেতুতে অর্থায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ২৯ লাখ ৬১ হাজার টাকার এ কাজ পায় মেসার্স ইমতিয়াজ উদ্দিন আহমেদ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
গত বছরের ২৩ ডিসেম্বর কার্যাদেশ প্রদানের পর চলতি বছরের ৩ মার্চ কাজ শেষ হওয়ার কথা ছিল। শুরু থেকেই কম রড-সিমেন্ট ব্যবহার ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করে আসছিলেন এলাকাবাসী।
বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। উল্টো তাঁদের হুমকি-ধমকি দেওয়া হয়। ফলে গত বুধবার কয়েক শ বিক্ষুব্ধ মানুষ মিছিল নিয়ে সেতুর কাছে যান। একপর্যায়ে তাঁদের চাপে নির্মাণশ্রমিকেরা সেতুর রেলিং ভাঙতে বাধ্য হন। তখনই অনিয়মের বিষয়টি বেরিয়ে আসে।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ঠিকাদারি প্রতিষ্ঠানকে এভাবে নিম্নমানের কাজ করতে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। ফলে বিষয়টি জেনেও সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
পিআইও আবুল কালাম আজাদ অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি কাজে অনিয়মের বিষয়টি স্বীকার করেন। তাঁর দাবি, প্রকৌশলীর অনুপস্থিতিতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে না জানিয়েই নির্মাণশ্রমিকেরা এ কাজ করেছেন। পিআইও বলেন, ‘কাজের মান খুবই নিম্নমানের হয়েছে বলে আমার চোখে পড়ে। তাই আমি ঠিকাদারকে এ রেলিং ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ দিয়েছি।’
ঠিকাদারি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘এক স্বজন মারা যাওয়ায় আমি ঘটনাস্থলে থাকতে পারিনি। এই ফাঁকে নির্মাণশ্রমিকেরা এই কাজটি করে ফেলেন। তবে আমি বিষয়টি জানতে পেরে রেলিং ভেঙে ফেলতে বলেছি।’