সেতুতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা এলাকায় আত্রাই নদের ওপর সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর একাংশ ধসে পড়েছে।
গত রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রকৌশলীসহ অন্তত ১০ জন আহত হন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নাটোর কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার নির্মাণাধীন ১৩০ মিটার দীর্ঘ সেতুটির ওপরের অংশের ঢালাই চলছিল। সন্ধ্যা পর্যন্ত প্রায় ৮৫ মিটারের ঢালাই সম্পন্ন হয়।
তখন হঠাৎ ঢালাইয়ের ওই অংশ নদীতে ধসে পড়ে যায়। এ সময় আহত হন এলজিইডি নাটোরের উপসহকারী প্রকৌশলী রুহুল আমিন, নির্মাণশ্রমিক সেন্টু হোসেন, বাসু ঘোষসহ ১০ জন। তাঁদের মধ্যে মহাদেব সাহা, মনা সরকারসহ ছয়জনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রাজশাহী বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলী আহম্মেদ গণমাধ্যমের কর্মীদের বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সেতুটি ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করে ঠিকাদার মীর আমিরুল ইসলাম বলেন, ঢালাইয়ের সময় হঠাৎ করে ভারী বৃষ্টি শুরু হয়। এ কারণে গার্ডার ধসে নির্মাণকাজের কিছু ক্ষতি হয়েছে।