সেতুমন্ত্রীর গাড়ি দেখে 'দালালদের' পলায়ন
আগেভাগে কাউকে না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বৃহস্পতিবার কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা দক্ষিণ সার্কেল কার্যালয় পরিদর্শনে যান। তাঁর গাড়ি কার্যালয়ে প্রবেশ করতে দেখে অর্ধশতাধিক ব্যক্তি দেয়াল টপকে পালিয়ে যায়। তবে কার্যালয় এলাকা থেকে ‘দালাল’ সন্দেহে মন্ত্রী ছয়জনকে আটক করেন। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।
সেতুমন্ত্রী বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, কোনো অবস্থাতেই এ কার্যালয়ে অনিয়ম ও দালালদের দৌরাত্ম্য বরদাশত করা হবে না। এর ব্যতিক্রম ঘটলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘বিআরটিএর অবস্থা স্বচক্ষে দেখার জন্য আমি প্রায়ই এখানে আসি। এটা কোনো নির্ধারিত সফর নয়। মাওয়া-পদ্মা সেতুতে যাচ্ছিলাম। এখানে এসে হাতেনাতে কয়েকজনকে আটক করে পুলিশে সোপর্দ করি। তারা দালাল কি না, তা যাচাই-বাছাই করে দেখবে পুলিশ।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল গাফ্ফার বলেন, আটক ছয়জনের মধ্যে পাঁচজন যানবাহনসংক্রান্ত কাজে এসেছিলেন। অন্যজন এসেছিলেন পরীক্ষা দিতে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
বিআরটিএ ঢাকা দক্ষিণ সার্কেলের সহকারী পরিচালক নুরুল ইসলাম বলেন, ইকুরিয়া কার্যালয় থেকে দালালদের দৌরাত্ম্য ও উপদ্রব বন্ধে প্রতিদিন সকাল-বিকেল দুটি ভ্রাম্যমাণ দল টহল দিচ্ছে। এ ছাড়া প্রতি সপ্তাহে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। তিনি আরও বলেন, কার্যালয়ে দালালদের প্রবেশের বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।