সেতুর কাজের লটারিতে অনিয়মের অভিযোগ
দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচের বিনিময়ে লটারিতে অনিয়ম করে পছন্দের ঠিকাদারদের সেতুর কাজ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ২১ জন ঠিকাদার ১৫ জানুয়ারি স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন সরকারি কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নে ২২ লাখ ৯৯ হাজার ৫০৫ টাকা ও বোয়ালদাড় ইউনিয়নে ২০ লাখ ১১ হাজার ৭৯৪ টাকা ব্যয়ে দুটি সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রতিটি কাজের জন্য পঞ্চাশের অধিক ঠিকাদার দরপত্র দাখিল করেন। ১৫ জানুয়ারি দুপুর ১২টায় উপজেলা কার্যালয়ে এই কাজের লটারি অনুষ্ঠিত হয়।
দরপত্রে অংশ নেওয়া ঠিকাদারেরা অভিযোগ করেন, প্রকল্পের পরিপত্র অনুযায়ী সেতু নির্মাণের লক্ষ্যে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। স্থানীয় সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। নিয়ম অনুযায়ী সেতু নির্মাণের জন্য গঠিত কমিটির সব সদস্য এবং দরপত্রে অংশ নেওয়া ঠিকাদারদের উপস্থিতিতে লটারি হওয়ার কথা। কিন্তু পিআইও ইউএনওর সঙ্গে যোগসাজশ করে কমিটির অপর সদস্য ও ঠিকাদারদের অনুপস্থিতিতে লটারি করেছেন এবং তাঁর পছন্দের জয়পুরহাট জেলার মেহেদী কনস্ট্রাকশন ও মেসার্স রতন এন্টারপ্রাইজকে কাজ পাইয়ে দিয়েছেন।
কমিটির উপদেষ্টা দিনাজপুর-৬ আসনের সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান, তাঁদের না জানিয়েই লটারির কাজ করা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন অভিযোগ করেন, একই ভবনে পাশাপাশি তাঁদের কার্যালয়। প্রকল্প নেওয়ার সময় সুপারিশ ও স্বাক্ষরের জন্য কর্মকর্তারা তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন। অথচ লটারি করার সময় তাঁরা তাঁদের কিছুই জানালেন না। কর্মকর্তারা অনিয়ম করবেন বলেই কমিটির কাউকে না জানিয়ে তাঁদের অনুপস্থিতিতে লটারি করেছেন।
দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক লটারিতে অনিয়মের অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, সেতুর কাজ স্থগিত করার জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করবেন।
ইউএনও আজহারুল ইসলাম জানান, সংশ্লিষ্ট সব নিয়মকানুন মেনে এবং সবাইকে জানিয়ে সুষ্ঠুভাবে করার বিষয়ে পিআইও তাঁকে অবহিত করলে তিনি লটারি সম্পন্ন করেন। তাঁর বিরুদ্ধে আনা যোগসাজশের অভিযোগ ভিত্তিহীন।
পিআইও সজীবুল করিম উৎকোচ নিয়ে সাজানো লটারির মাধ্যমে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, লটারির বিষয়ে তিনি সাংসদের ব্যক্তিগত সহকারী আজিজুল ইসলামকে জানিয়েছেন। সেই সঙ্গে লটারির সময় ও স্থান জানিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কমিটির সদস্য এবং সব ঠিকাদারকে ১২ জানুয়ারি চিঠি দিয়েছেন। এর মধ্যে যেসব ঠিকাদার তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেছেন, তাঁদের লটারির সময় জানিয়েছেন।
সাংসদের ব্যক্তিগত সহকারী আজিজুল ইসলাম জানান, পিআইও লটারির বিষয়ে তাঁকে কিছু জানাননি। কয়েকজন ঠিকাদার বলেন, লটারির বিষয়ে পিআইও তাঁদের কোনো চিঠি দেননি বা মুঠোফোনেও বিষয়টি জানাননি।