সেতুর জায়গা দখল করে মোটরচালক লীগের কার্যালয়

বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর জায়গা দখল করে বাংলাদেশ মোটরচালক লীগ নামে একটি সংগঠন তাদের কার্যালয় গড়ে তুলেছে। এই সেতুটির নামফলকের পেছনে টিন, বাঁশ ও বাঁশের চালা দিয়ে তৈরি করা হয়েছে কার্যালয়টি। ফলে সেতুর দুই পাশে খোলা জায়গা ও বাগানের সৌন্দর্য নষ্ট হচ্ছে।
গাড়িচালক ও শ্রমিকনেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেতু দিয়ে কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জে চলাচলরত মোটরযান থেকে চাঁদা তোলার জন্য স্থানীয় শ্রমিক লীগের কিছু নেতা এই কার্যালয়টি তৈরি করেছেন।
বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত মৈত্রী সেতুর পোস্তগোলা অংশ দিয়ে সেতুতে উঠতে ডান পাশে চোখে পড়ে ‘বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ নামফলকটি। বাংলা, চীনা ও ইংরেজি এই তিন ভাষায় নামফলক লেখা। পাশেই লোহার গ্রিল ও ইটের দেয়াল দিয়ে সেতু এলাকা চিহ্নিত করা হয়েছে। এই এলাকার মধ্যে বেশ কিছু গাছও আছে। তবে পুরো এলাকার সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সেতু কর্তৃপক্ষের অযত্ন-অবহেলা রয়েছে। সেখানে আগাছার পাশাপাশি ময়লা-আবর্জনাও চোখে পড়ে।
নামফলকের ঠিক পেছনে বাঁশ ও টিন দিয়ে আওয়ামী মোটরচালক লীগের কার্যালয় তৈরি করা হয়েছে। কার্যালয়ের তিন দিকে বাঁশের চাটাই দিয়ে ঘিরে রাখা। সামনের অংশটি ফাঁকা। সামনের ওপরের অংশে মোটরচালক লীগ লেখা ব্যানার।
গতকাল শুক্রবার বিকেলে মোটরচালক লীগের কার্যালয়ে গিয়ে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। কার্যালয়ে জুরাইন ও পোস্তগোলা এলাকার কয়েকজনকে পাওয়া যায়। তাঁরা নিজেদের শ্রমিক লীগের স্থানীয় নেতা বলে পরিচয় দেন। আলীম আলী নামে একজন বললেন, মুন্সিগঞ্জ ও কেরানীগঞ্জে চলাচলরত সিএনজি অটোরিকশা ও মোটরচালিত অন্যান্য ছোট যানবাহনের চালকেরা মিলে এটি তৈরি করেছেন। এর নেতৃত্বে আছেন জুরাইনের শ্রমিক লীগের নেতা মো. সেলিম হোসেন।
অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চালক বললেন, এই কার্যালয় অনেকটা সেতুর টোলঘরের মতো হবে। সেতু দিয়ে কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের দিকে চলাচলরত সিএনজি ও অন্যান্য যানবাহনগুলোর প্রত্যেকটির কাছ থেকে মোটরচালক শ্রমিক লীগ পাঁচ টাকা করে নেবে।
জানতে চাইলে সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) আফতাব হোসেন খান প্রথম আলোকে বলেন, সেতু এলাকায় এ ধরনের কোনো কার্যালয় করার অনুমতি দেওয়া হয় না। মোটরচালক শ্রমিক লীগের কার্যালয় করার অনুমতিও দেওয়া হয়নি। এটা অবৈধভাবে করা হয়েছে। তিনি বলেন, ‘বিষয়টি আমার নজরে ছিল না। এখন যেহেতু জেনেছি, তাই শিগগির এই কার্যালয়টি উচ্ছেদ করা হবে।’
অবশ্য এই ধরনের কোনো সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, এই সংগঠনটি শ্রমিক লীগের অধিভুক্ত হয়। এটি চলে নিজেদের ইচ্ছেমতো। তবে তিনি স্বীকার করেন, আওয়ামী লীগ ও শ্রমিক লীগের রাজনীতি করেন এমন কয়েকজন নেতা সংগঠনটির সঙ্গে আছেন। তাঁর দাবি বর্তমান সরকারের একজন মন্ত্রী এই সংগঠনটিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।