সেতুর দুই শ গজ দূরেই শ্যালো মেশিন দিয়ে চলছে বালু তোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট যমুনা নদীর বদলগাছি কেন্দ্রীয় সমবায় বাজারের ভরাট করা স্থানের ১০ গজ দূরেই শ্যালো মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে l প্রথম আলো
ছোট যমুনা নদীর বদলগাছি কেন্দ্রীয় সমবায় বাজারের ভরাট করা স্থানের ১০ গজ দূরেই শ্যালো মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে l প্রথম আলো

নওগাঁর বদলগাছি উপজেলা সদরে ছোট যমুনা নদীর ওপর নির্মিত একটি সেতুর দুই শ গজ এবং বদলগাছি কেন্দ্রীয় সমবায় বাজারের জন্য সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ভরাট করা জায়গার মাত্র ১০ গজ দূরের নদী থেকে বালু তোলা হচ্ছে। নদীর তলদেশের বালু তোলায় বাজারের জন্য ভরাট করা স্থানটি ধসে পড়ছে। উপজেলা প্রশাসনের নাকের ডগায় আইন ভঙ্গ করে এভাবে বালু তোলা হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জনা যায়, কয়েক বছর ধরে স্থানীয় প্রভাবশালী শাহিনুর রহমান, তপন কুমার, বেলাল হোসেন ও দেববাবু নদীর বালু তুলছেন। এসব ব্যক্তি সরকারি দলের সঙ্গে যুক্ত। ফলে কেউ কিছু বলতেও সাহস পায় না। তাঁরা বদলগাছি সদরের কেন্দ্রীয় সমবায় বাজারের জন্য ভরাট করা স্থানের সামনে নদীতে শ্যালো মেশিন বসিয়ে বালু তুলছেন। বালু আনা-নেওয়ার কাজে অবাধে ট্রাক্টর চলাচল করায় নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীর বালু উত্তোলন বন্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পাওয়া যায়নি। চলতি ইটভাটার মৌসুমে আবারও একই জায়গায় দুটি শ্যালো মেশিন বসিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, যেখান থেকে বালু তোলা হচ্ছে, সেখান থেকে সড়ক ও জনপথ বিভাগের নবনির্মিত সেতুর দূরত্ব মাত্র দুই শ গজ। পাইপ দিয়ে বালু এনে সমবায় বাজারের গাইড ওয়ালের নিচে স্তূপ করে রাখা হচ্ছে।
বালু উত্তোলনকারী শ্রমিকেরা বলেন, এখানে তাঁরা দুই মাস ধরে বালু তোলার কাজ করছেন। প্রতি ট্রাক্টর বালু চার শ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিদিন ৮০ থেকে ৯০ ট্রাক্টর বালু বিক্রি হয়।
তপন কুমার বালু তোলার কথা স্বীকার করে বলেন, ‘মথুরাপুরের শাহিনুর রহমান বালুমহাল ইজারা নিয়েছেন। তাঁর সঙ্গে আমরা কয়েকজন মিলে বালুর ব্যবসা করছি।’
বদলগাছির ইউএনও হুসাইন শওকত বলেন, কেউ আইন লঙ্ঘন করে বালু তুললে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।