সেতুর নিচে শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নিখোঁজের তিন দিন পর আজ রোববার সকাল ১০টার দিকে বাড়ির পাশে সেতুর নিচ থেকে নয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের ডান হাত কাটা ছিল। পরিবার বলছে, শিশুটি তিন দিন ধরে নিখোঁজ ছিল।

শিশুটির নাম আশিক মিয়া। বাড়ি ওই উপজেলার ভুড়ারবাড়ি গ্রামে।

আশিকের মা আবেদা বেগম ও পুলিশ বলছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অন্য শিশুদের সঙ্গে আশিক বাড়ির আঙিনায় খেলছিল। পরে বাড়ি ফেরেনি। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে ভুড়ারবাড়ির ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের বাড়ির পাশে সেতুর নিচে আশিকের লাশ পাওয়া যায়। পরিবার তার লাশটি শনাক্ত করেছে। বেলা ১১টার দিকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমানের ভাষ্য, হত্যার পর দুর্বৃত্তরা আশিকের লাশ লুকিয়ে রেখেছিল।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিনের ভাষ্য, এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।