একদরিয়া-পোড়াদিয়া-আগরপুর আঞ্চলিক মহাসড়কের একটি সেতুর নিচ থেকে মাটি কেটে সেই মাটি দিয়ে সেতুর সংযোগ সড়ক তৈরি করা হচ্ছে। সেই সঙ্গে সড়কের পাশ থেকে মাটি কেটে সড়ক তৈরিতে ব্যবহার করা হচ্ছে। এতে সড়কের দুই পাড় দুর্বল হয়ে দেবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সংযোগ সড়ক নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শামিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নরসিংদীর পৌর মেয়র ও জেলা শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান।
নরসিংদীর শিবপুর উপজেলার সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ ও পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার কয়েকটি উপজেলার ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগের প্রধান মাধ্যম হলো ঢাকা-কিশোরগঞ্জ ভায়া ভৈরব আঞ্চলিক মহাসড়ক। কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত মহাসড়কটির দূরত্ব ১৫২ কিলোমিটার। কর্তৃপক্ষ দেড় যুগ আগে ঢাকার সঙ্গে কিশোরগঞ্জ সদর এলাকার দূরত্ব কমিয়ে আনার পরিকল্পনা করে। এর অংশ হিসেবে ১৯৯৮-৯৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা (এডিবি) অর্থায়নে ২৫ কোটি টাকা ব্যয়ে একদরিয়া-পোড়াদিয়া-আগরপুর আঞ্চলিক মহাসড়ক নির্মাণকাজ শুরু হয়। মহাসড়কটির দৈর্ঘ্য ১২ কিলোমিটার। এরই মধ্যে সড়ক ও সেতু নির্মাণকাজ শেষ হয়েছে। এখন বাকি বেলাব উপজেলার বিন্নাবাইদ ও কুলিয়ারচরের লক্ষ্মীপুরের মধ্যে নির্মিত সেতুর দুই পাড়ে এক কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ। এটি হলে কিশোরগঞ্জ সদরের সঙ্গে ঢাকার দূরত্ব ২৫ কিলোমিটার কমে আসবে। এ সংযোগ সড়কের নির্মাণ-ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৬ লাখ টাকা। শামিম এন্টারপ্রাইজ কার্যাদেশ পায় চলতি বছরের ৯ মার্চ। ৯ জুলাইয়ের মধ্যে কাজটি শেষ করার কথা।
১৬ এপ্রিল সরেজমিনে দেখা যায়, পুরোদমে সংযোগ সড়ক তৈরির কাজ চলছে। দুটি যন্ত্র (এক্সকাভেটর) দিয়ে মাটিকাটা ও চারটি ট্রাক্টরে করে সেই মাটি সেতুর দুই পাড়ে ফেলা হচ্ছে। এর মধ্যে একটি যন্ত্র দিয়ে মাটিকাটা হচ্ছে সেতুর নিচ থেকে। অন্যটি দিয়ে লক্ষ্মীপুর অংশের সেতুর অধিগ্রহণ করা জায়গা থেকে মাটি তোলা হচ্ছে। কাজ তদারকি করছেন ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মোফাজ্জল হোসেন ও শাহ আলম নামে দুই ব্যক্তি।
এ সময় মাটিকাটা ও সংযোগ সড়ক নির্মাণের অন্যান্য স্তরের কাজের নিম্নমানের অভিযোগ নিয়ে কয়েকজন তরুণের সঙ্গে শাহ আলমের তর্ক বাধে। শাহ আলম মেয়রের বরাত দিয়ে বলেন, কাজটি মেয়রের। তিনি যেভাবে চান, সেভাবেই হবে।
জানতে চাইলে মোফাজ্জল হোসেন বলেন, ‘মাটি শর্ট পড়ছে। এই জন্য বাধ্য হইয়া ব্রিজের নিচ থাইকা মাটি কাটতে হইতাছে।’ সেতু ঝুঁকিতে পড়বে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘তা তো কিছু হইবই।’
গতকাল সন্ধ্যায় মুঠোফোনে কথা হয় কামরুজ্জামানের সঙ্গে। বিষয়টি তাঁর নজরে এনে জানতে চাইলে তিনি বলেন, সংযোগ সড়ক নির্মাণের কাজটি তাঁর প্রতিষ্ঠান করলেও সরাসরি তিনি মাটি ফেলছেন না। মোফাজ্জল হোসেন ও কালাম মিয়া নামে দুই ব্যক্তির কাছ থেকে কিনে তিনি মাটি ফেলছেন। সেতুর নিচ থেকে মাটি কাটা হচ্ছে কি না, এমন প্রশ্ন তিনি এড়িয়ে যান।