কক্সবাজারের টেকনাফ উপজেলার বরইতলী নামক এলাকায় গতকাল রোববার সকাল নয়টার দিকে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে পর্যটকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বাসযাত্রীদের অভিযোগ, কক্সবাজার থেকে ছেড়ে আসা বাসটিতে পর্যটকসহ প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। চালক মুঠোফোনে কথায় ব্যস্ত থাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের ওপর আটকে যায়। এটি নিচে পড়লে অনেকে মারা যেত।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে কক্সবাজার থেকে আসা যাত্রীবাহী একটি বাস (চ্ট্ট মেট্রে-জ ১১-১৪৫৬) টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী নামক এলাকার বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে এটি সেতুর রেলিংয়ে উঠিয়ে দেন। এতে পর্যটকসহ অন্তত ১০ জন আহত হন। পরে চালক বাসটি ফেলে পালিয়ে যান।
এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন রুস্তম মিয়া (২৬), হাফেজ আবদুল্লাহ (৩০), সোনা আলী (২২), হাসান আহমদ (২৭), নুরুল কবির (৪০), রুখসানা বেগম (২২), হামিদ হোসেন (১২)। এ ছাড়া কুমিল্লা থেকে বেড়াতে আসা তিনজন পর্যটকের নাম জানা যায়নি। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।