ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বাঞ্ছারামপুর-ছলিমাবাদ সেতুর সংযোগ সড়কের ঢাল কেটে ভবন নির্মাণ করা হচ্ছে। এতে ফাটল তৈরি হয়ে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সংযোগ সড়কটি। উপজেলার সাহেবনগর গ্রামের আনিসুর রহমান নামের এক ব্যক্তি সম্প্রতি ওই ভবনের নির্মাণকাজ শুরু করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গত শনিবার দেখা গেছে, সংযোগ সড়কটির উত্তর দিকের ঢালে গভীর করে কেটে দৈর্ঘ্যে প্রায় ১০০ ফুট এবং প্রস্থে ১০ ফুট জায়গায় ভবন নির্মাণের কাজ চলছে। নির্মাণশ্রমিক শরীফ মিয়া বলেন, ‘আনিস ভাই আমাগোরে কইছে এই জায়গায় একটা বিল্ডিং বাইতে। তাই করতাছি আমরা। বিল্ডিংটা লম্বায় ৯০ আর পাশে ২৫ ফুট করা হইতাছে।’ নির্মাণশ্রমিকদের সূত্রে জানা যায়, দুই মাস আগে ভবনটির নির্মাণকাজ শুরু করা হয়। ভবনের কাজের জন্য সংযোগ সড়কের ঢালের ওই অংশের পাকা ব্লকগুলো তুলে ফেলা হয়েছে। এতে সড়কের পাকা অংশেও ফাটল সৃষ্টি হয়েছে। ওই ফাটলের ওপর বালুর বস্তা ফেলে ঢেকে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মাস আগে সেতুর পূর্ব পাশের সংযোগ সড়ক লাগোয়া প্রায় সাড়ে পাঁচ শতক জায়গায় পাকা ভবনটির কাজ শুরু করেন আনিসুর রহমান।
সাহেবনগর গ্রামের পল্লিচিকিৎসক আনিসুর রহমান বলেন, ‘আমার বিল্ডিংয়ের একটি কর্নারের জন্য সংযোগ সড়কের ঢাল কিছুটা কাটতে হয়েছে। আর বাকিটা তাঁত বোর্ডের মেলার সময় ভেঙেছে। সেই ভাঙা অংশসহ আমার জায়গায় ভবনটি নির্মাণ করা হচ্ছে।’ সংযোগ সড়কের ঢালে এভাবে ভবন করার অনুমতি নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অনুমতি কী নেব? সেতুর ঢালটা তো প্রায় পুরোটাই আমার জমিতে পড়ছে। ওই ঢালে ভবন নির্মাণ করে আমি তো সরকারের উপকার করতেছি।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম বলেন, ‘আমি সংযোগ সড়কের ঢালে ভবনটির নির্মাণকাজ চলতে দেখেছি। এভাবে ঢাল কেটে ভবন নির্মাণ করা বৈধ নয়। তবে আমি যখন গিয়েছি, তখন কাউকে পাইনি। চেয়ারম্যানকে বলেছি নাম-ঠিকানা দিতে। ওগুলো পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
সহকারী কমিশনার (ভূমি) মামুন সরদার বলেন, ‘সেতুর ঢালের জায়গা যদি সরকারি হয়, তবে আমরা ব্যবস্থা নেব। আর ঢালের জমি যদি কারও ব্যক্তিগত হয়ে থাকে, তবে সে ক্ষেত্রে ঢাল রক্ষায় এলজিইডি কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর-মুরাদনগর সড়কের উপজেলা সদরে তিতাস নদের ওপর ২০১৩ সালে ‘বাঞ্ছারামপুর-ছলিমাবাদ’ সেতুটি নির্মাণ করা হয়। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতুর পূর্ব পাশে ১১০ মিটার এবং পশ্চিম পাশে ৮০ মিটার সংযোগ সড়ক রয়েছে।