সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আযাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপজেলা শাখা-২-এর উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বরখাস্তের আদেশ জারি করা হয়েছে। চেয়ারম্যান আবুল কালাম আযাদ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি সেনবাগ উপজেলা বিএনপির সহসভাপতি।

১৮ ডিসেম্বর স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপন গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছে। সাময়িক বরখাস্তের আদেশ-সংবলিত চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডি-এলজিইডি) মাহে আলম।

একই বিষয়ে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম প্রথম আলোকে বলেন, চেয়ারম্যান আবুল কালাম আযাদের বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ার পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বরখাস্তের আদেশের বিষয়ে আবুল কালাম আযাদ গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। কিছুদিন ধরে এ রকম একটি প্রক্রিয়া বাস্তবায়ন করার জন্য একটি মহল নানা চেষ্টা-তদবির করে যাচ্ছিল। এখনো বরখাস্তের কোনো চিঠি পাইনি। পেলে পরবর্তী করণীয় ঠিক করব।’