সেনবাগে আ.লীগ নেতার বাসায় ককটেল হামলা
নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আহম্মদ চৌধুরীর বাসা লক্ষ্য করে গুলি ও ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে কাদরা ইউনিয়নের উত্তর কাদরা গ্রামের ভাড়া বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
দলের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন জাফর আহম্মদ চৌধুরী।
বাড়ির লোকজন ও পুলিশের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা জাফর আহম্মদ চৌধুরীর বাসার দেয়াল, প্রধান ফটক এবং পাশে থাকা মাইক্রোবাস লক্ষ্য করে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় কয়েকটি গুলির শব্দও শোনা যায়। এতে ভবনের ভেতরে থাকা জাফর আহম্মদ চৌধুরীসহ অন্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁরা থানায় খবর দিলে কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
জাফর আহম্মদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ভবনের যে কক্ষে তিনি ঘুমিয়েছিলেন, দুর্বৃত্তরা সে কক্ষের বাইরে ককটেল হামলা চালিয়েছে। ককটেলের আঘাতে তাঁর ব্যবহৃত মাইক্রোবাসের সামান্য ক্ষতি হয়েছে। দলের আভ্যন্তরীণ বিরোধের জের ধরে বাইরের কারও ইন্ধনে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে নতুন করে বিরোধ দেখা দিয়েছে। ককটেল হামলার ঘটনাটি ওই বিরোধের জের ধরে হতে পারে। তিনি বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়নি।