সেনবাগে আ.লীগ নেতার বাড়ি থেকে মদ-ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বিআরডিবি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা শাহরিয়ার আলমগীরের বাড়ি থেকে গত বুধবার রাতে ১৮ বোতল বিদেশি মদ ও ৬০টি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সিকদার মো. হাসান ইমাম প্রথম আলোকে জানান, বুধবার রাত ১২টার দিকে তিনি পুলিশ নিয়ে শাহরিয়ার আলমগীরের বাড়িতে অভিযান চালান। পুলিশের গাড়ি দেখে শাহরিয়ার ও তাঁর ভাই জাহাঙ্গীর পালিয়ে যান। এরপর পুলিশ শাহরিয়ারদের বসতঘরে তল্লাশি চালিয়ে জুতার ভেতরে লুকিয়ে রাখা ৬০টি ইয়াবা বড়ি ও বাড়ির পুকুর থেকে বস্তাভর্তি বিদেশি মদের ১৮টি বোতল উদ্ধার করে।
হাসান ইমাম জানান, কিছুদিন আগেও তিনি শাহরিয়ারের বসতঘরে অভিযান চালিয়ে ৪২টি ইয়াবা বড়ি উদ্ধার করেন। শাহরিয়ার আলমগীর ও তাঁর ভাই জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন বলে তথ্য আছে।
বাড়িতে অভিযানের ব্যাপারে জানতে চাইলে শাহরিয়ার আলমগীর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, মদ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় শাহরিয়ার আলমগীর ও জাহাঙ্গীর এবং অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শাহরিয়ার আলমগীর সেনবাগ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।