সেনবাগে আ.লীগে বিরোধ হামলায় আহত ৫
নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধের জের ধরে বিক্ষিপ্ত হামলায় পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। গত বুধবার রাতে এবং গতকাল বৃহস্পতিবার এসব হামলার ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে গতকাল উপজেলা সদরে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বিশেষ মতবিনিময় সভা হয়েছে পুলিশ ও র্যা বের পাহারায়।
হামলায় আহত ব্যক্তিরা হলেন আওয়ামী লীগের উপজেলা কমিটির সাবেক নেতা মনজুর মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিম চৌধুরী ওরফে মানিক, অর্জুনতলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এ কে এম ফয়েজ উল্লাহ ফারুক, একই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জাবেদ ও যুবলীগের কর্মী মো. সোহেল। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
দলীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা কমিটির সাবেক সভাপতি জাফর আহম্মদ চৌধুরী। অন্য পক্ষের নেতৃত্বে সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবু জাফর ওরফে টিপু।
দলীয় সূত্র জানায়, উপজেলা কমিটি না থাকায় গত ২২ মার্চ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সেনবাগে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমানকে এ কমিটির আহ্বায়ক করা হয়। এ কমিটিতে উপজেলা কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনকেই রাখা হয়।
সূত্র জানায়, ৩ এপ্রিল আতাউর রহমান উপজেলা গণমিলনায়তনে ইউপি নির্বাচন নিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। কিন্তু স্থানীয় সাংসদ (নোয়াখালী-২) মোরশেদ আলমের সঙ্গে পরামর্শ না করে জেলা আওয়ামী লীগ ইউপি নির্বাচনের জন্য আহ্বায়ক কমিটি করায় সাংসদের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আহম্মদ চৌধুরীসহ অন্যরা বৈঠক বয়কট করেন। সাংসদের অনুসারীরা ইউপি নির্বাচন নিয়ে বিশেষ মতবিনিময় সভার জন্য বৃহস্পতিবার (গতকাল) সময় নির্ধারণ করেন। এ নিয়ে জাফর আহম্মদ চৌধুরী ও আবু জাফরের সমর্থকদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে বুধবার রাতে এবং গতকাল দিনভর বিক্ষিপ্তভাবে জাফর আহম্মদ চৌধুরীর অনুসারী সাতজন নেতা-কর্মী হামলার শিকার হন।
এ ব্যাপারে পৌর মেয়র আবু জাফর বলেন, ‘স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে বৈঠকে সাংসদ উপস্থিত থাকতে পারেন না।’ তিনি আরও বলেন, পাঁচ নেতা-কর্মীর ওপর হামলা সম্পর্কে তিনি কিছু জানেন না।
জাফর আহম্মদ চৌধুরী বলেন, ‘ইউপি নির্বাচন নিয়ে জেলা থেকে যে আহ্বায়ক কমিটি করা হয়েছে তা অবৈধ। আমরা মতবিনিময় সভায় সিদ্ধান্ত নিয়েছি তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতে ইউনিয়নে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। অবৈধ আহ্বায়ক কমিটির কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।’
সেনবাগ থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, বৃহস্পতিবার রাতে বিক্ষিপ্ত হামলা ও বোমাবাজির ঘটনা ঘটেছে।